গাজীপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৭, ২১:৩৯
গাজীপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সোমবার বেলা আড়াইটার দিকে গাজীপুরের জেলা ও দায়রা জজ এ.কে.এম এনামুল হক জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন। রায়ে একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত আসামিকে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়। দণ্ডপ্রাপ্ত আসামি হলেন- শেরপুর জেলার নালিতাবাড়ি থানার গোবিন্দ কালিনগর গ্রামের মৃত ক্বারী জাফর আলীর ছেলে মাইনুদ্দিন (৬০)। তিনি স্ত্রীকে নিয়ে টঙ্গীর আরিচপুরে গাজী রফিকের বাড়িতে ভাড়া থাকতেন।
 
গাজীপুর জজ কোর্টের পিপি অ্যাড. হারিছ উদ্দিন আহম্মদ জানান, টঙ্গীর পশ্চিম আরিচপুর গাজী রফিকের বাসায় স্বপরিবারে ভাড়া থাকতেন মাইনুদ্দিন। ২০১০ সালের ২৯ জুন দাম্পত্য কলহের জেরে ঘরের দরজা বন্ধ করে স্বামী মাইনউদ্দিন তার স্ত্রী নাজমুনন্নাহার স্বপ্নাকে (৪৫) কাঠের পিড়ি ও ইট দিয়ে মাথায় উপর্যুপরি আঘাত করে। এতে ঘটনাস্থলেই নাজমুনন্নাহারের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাইনুদ্দিনকে গ্রেফতার করে।
 
এ ঘটনায় নিহতের মা হাজেরা বেগম বাদী হয়ে মাইনুদ্দিনকে আসামি করে টঙ্গী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রুহুল আমিন তদন্ত শেষে একই বছরের ৭ নভেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন। ২০১১ সালে ২৪ মে আসামির বিরুদ্ধে চার্জ গঠন করা হয়। ৫ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত সোমবার ওই রায় প্রদান করেন। 
 
রাস্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট হারিছ উদ্দিন আহম্মদ এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান আকন (তমিজ)।
 
ইত্তেফাক/মাহমুদুল ইসলাম