এসপি বাবুলকে আমি চিনি না

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৭, ২৩:৫৪

আলোচিত সাবেক পুলিশ সুপার বাবুল আখতারকে চেনেন না বলে দাবি করেছেন নিহত এস আই আকরাম হোসেনের স্ত্রী বনানী বিনতে বসির। গতকাল সোমবার দুপুরে মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। বনানী বিনতে বসির বলেন, এসপি বাবুল আখতার আমার স্বামীকে খুন করেননি। বাবুল আখতারকে আমি চিনি না। তাই তাকে খুন করার প্রশ্ন আসে না। আমি বাবুল আখতারকে কোনোদিন দেখিনি। তার সঙ্গে আমার পরিচয় হয়নি। তিনি বলেন, তাকে ও বাবুল আখতারকে জড়িয়ে নানা অপপ্রচার চালানো হচ্ছে।

 
তিনি বলেন, ২০০৬ সালে পুলিশের এস আই আকরাম হোসেনের সঙ্গে আমার বিয়ে হয়। আমার স্বামী আকরাম শ্বশুর শাশুড়ির একমাত্র ছেলে ছিল এবং তাদের ৫ মেয়ে। তারা চাইতো না আমি আমার স্বামীর সঙ্গে তার কর্মস্থলে গিয়ে থাকি। ২০০৯ সালে আমার স্বামী জাতিসংঘ শান্তি মিশনে সাউথ সুদানে যান এবং সেখান থেকে উপার্জিত অর্থে ঢাকার মগবাজারে একটি ফ্লাট কিনেন। সেখানে আমরা থাকতাম। ২০১৪ সালের ২৮ ডিসেম্বর ঢাকা থেকে মোটরসাইকেলে আসার পথে ঝিনাইদহের শৈলকুপার বড়দিয়ায় রাত ১১টার দিকে সড়ক দুর্ঘটনায় আকরাম আহত হন এবং ১৩ জানুয়ারি ২০১৫ ঢাকা মেডিক্যালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান।
 
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত এসআই আকরাম এর সম্পদ আত্মসাত্ করার ষড়যন্ত্র ও মিথ্যা অপপ্রচারে সময়ের আলোচিত এসপি বাবুল আখতারকে জড়িয়ে নানা মিথ্যা কল্পকাহিনী রটানো হচ্ছে। একই সঙ্গে আমাকে ঘায়েল এবং আমার নাবালক কন্যার সম্পদ আত্মসাত্ করার ষড়যন্ত্র চলছে। 
 
আমাকে জড়িয়ে এসপি বাবুল আখতারের সঙ্গে পরকীয়া সম্পর্কে নানারূপ মনগড়া কাল্পনিক তথ্য উপস্থাপন করা হয়েছে, যা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত, ভিত্তিহীন ও মিথ্যা। তিনি পরিবারের নিরাপত্তা দাবি করেন।  
 
সংবাদ সম্মেলনে তার পিতা মাগুরার মহম্মদপুরে পল্লি দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনে কর্মরত বশির উদ্দিন আহম্মেদ উপস্থিত ছিলেন। তিনিও এসপি বাবুল আখতারের সঙ্গে তার মেয়েকে জড়িয়ে অপপ্রচার বন্ধ এবং নিরাপত্তা দাবি করেন ।
 
 

ইত্তেফাক/নূহু