আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বেনাপোলে দুই বাংলার মিলন মেলা

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৭, ০১:১৯


আজ আন্তর্জাতিক মাতৃভাষা উদযাপন দিবসে বেনাপোল চেকপোষ্টে  একই মঞ্চে বসছে দুই বাংলার ভাষাপ্রেমী মানুষের মিলন মেলা। এবার এ মিলন মেলার একুশে মঞ্চের নাম দেওয়া হয়েছে বঙ্গবন্ধু মঞ্চ। সীমান্তের জিরো পয়েন্টে দুই বাংলার ভাষাপ্রেমী মানুষদের মিলন মেলা বসবে।

এবার অনুষ্ঠানটি হচ্ছে ভিন্ন আঙ্গিকে। প্রতিবছরে দুই বাংলায় পৃথক অনুষ্ঠান হলেও এবার অনুষ্ঠান হবে একমঞ্চে। মঞ্চে থাকবে দুই বাংলার মন্ত্রী, কবি, সাহিত্যিক ও বিশিষ্টজনরা। তারা একুশের সকাল সাড়ে ৮টায় অস্থায়ী এ শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন।

মিলন মেলাকে ঘিরে বসবে দুই বাংলার মানুষের দেওয়া ষ্টলে বই মেলা। দুই বাংলার মানুষের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিও থাকবে মেলায়। ভারতের পেট্রাপোল বনগাঁ পৌরসভার মেয়র এবং বেনাপোল পৌরসভার মেয়র আশরাফুল আলম লিটন রক্তদান কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।

“আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অমর হোক বিশ্ব জুড়ে বাংলা ভাষা চালু হোক’’ এ শ্লোগান দিয়ে শুরু হবে দুই বাংলার একুশ উদযাপন। সীমান্তের জিরো পয়েন্ট ঘেঁষে একুশ উদযাপনের মঞ্চ হয়েছে। আর নো-ম্যান্স ল্যান্ডে নির্মিত হয়েছে অস্থায়ী শহীদ মিনার। দুই দেশের একুশ উদযাপন কমিটির সকল আয়োজন শেষের পথে।

ইত্তেফাক/নূহু