কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে মনোনয়নযুদ্ধে তিন নারী

আপডেট : ২৩ নভেম্বর ২০১৮, ২১:৩৭

কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে নির্বাচন নিয়ে জমে উঠেছে রাজনৈতিক মাঠ। এ আসনে প্রথমবারের মতো বিএনপি ও জাতীয় পার্টি (জাপা) মনোনয়নযুদ্ধে নেমেছেন তিন নারী প্রার্থী। ইতোমধ্যে ধানের শীষ প্রতীকের জন্য একজন ও লাঙ্গল প্রতীকের জন্য দু’জন দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দিয়েছেন।

এরা হলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ড. শাহিদা রফিক, জাতীয় পার্টির সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সদস্য অধ্যক্ষ রওশন আরা মান্নান ও কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টির যুগ্ম-আহ্বায়ক নাজমা বেগম। বিএনপি ও জাতীয় পার্টির একাধিক প্রার্থী থাকলেও আসনটিতে এই প্রথম নারী প্রার্থী হওয়ায় আলোচিত প্রার্থী হিসেবে তাদের নামই এখন ভোটার ও দলীয় নেতা-কর্মীদের মুখে।

কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টির যুগ্ম-আহ্বায়ক নাজমা বেগম জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় কমিটির নির্বাহী কমিটির কার্যকরী পরিষদের সদস্য। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ড. শাহিদা রফিক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার স্ত্রী।