সাভার ও ধামরাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও ৫০ ব্যক্তি আহত হয়েছে। আহতদের চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ জানায়, সাভার থানাধীন ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজারে সোমবার রাতে চলন্ত একটি ট্রাকের চাপায় নুরুজ্জামান বাচ্চু নামে একজন প্রকৌশলী নিহত হয়। নিহত বাচ্চুর বাড়ি বরিশাল সদর থানার আস্তাকাটি গ্রামে। তার বাবার নাম ইয়াকুব আলী মাস্টার।
এদিকে, ধামরাইয়ের জয়পুরা এলাকায় শ্রমিকবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেলে বাসের হেলপার ঘটনাস্থলেই নিহত এবং আরো ৫০ জন আহত হয়। আহতদের সাভারের এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, ধামরাইয়ের একেএইচ গ্রুপের শ্রমিকবাহী একটি বাস ঢাকা-আরিচা মহাসড়কের জয়পুরা এলাকায় পৌঁছালে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। বাসটি এ সময় রোড ডিভাইডারের সঙ্গে ধাক্কা খেয়ে পাশের খাদে পড়ে যায় এবং বাসের নীচে চাপা পড়ে হেলপার সেখানেই নিহত হয়। আহত হয় ৫০ শ্রমিক। এদের মধ্যে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক।-বাসস।
ইত্তেফাক/মাহমুদুল ইসলাম
