গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে এক ছাত্রী যৌন হয়রানির অভিযোগ করেছেন।
হিসাববিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষে এক ছাত্রী গত ১২ ফেব্রুয়ারি ওই বিভাগের প্রভাষক রবিউল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানীর অভিযোগ এনে সভাপতির কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক রবিউল ইসলামের বাড়ি ফরিদপুর জেলার সদরপুর গ্রামে।
লিখিত অভিযোগ থেকে জানা গেছে, প্রভাষক রবিউল ইসলামের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কের এক পর্যায়ে ওই শিক্ষক বিয়ের প্রতিশ্রুতি দেন। এরপর ওই শিক্ষক তার কাছ থেকে দূরত্ব বজায় রাখছেন। তিনি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ভঙ্গ করেছেন।
অভিযুক্ত শিক্ষক রবিউল ইসলাম বলেন, ‘বিভিন্ন লোকের প্ররোচনায় ওই ছাত্রী আমার বিরুদ্ধে অভিযোগ করেছে। পরে ভুল বুঝতে পেরে ওই ছাত্রী তার বাবাকে নিয়ে ভিসি ও অন্য শিক্ষকদের সঙ্গে দেখা করে ক্ষমা চেয়েছে এবং তার করা অভিযোগ তুলে নিয়েছে।’
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. প্রফেসর নুরউদ্দিন আহমেদ ওই ছাত্রীর অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে বলেছেন, ব্যবস্থা গ্রহণের জন্য উদ্যোগ নেয়া হয়েছে। আগামী ২৪ ফেব্রুয়ারি রিজেন্ট বোর্ডের সভা হবে। এরপর তদন্ত কমিটি গঠন করে তাদের তদন্ত প্রতিবেদনের উপর ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন বলেন, বিষয়টি শুনেছি। আমার কাছে এখন পর্যন্ত কোনো অভিযোগ আসেনি। আসলে আমি বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবো।
ইত্তেফাক/উজ্জল
