কুমিল্লায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৭, ০১:৩৪

কুমিল্লার বুড়িচংয়ে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আবুল কালাম আজাদ (৩৮) নামের এক জুয়েলারি ব্যবসায়ী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও ২ জন।

মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে জেলার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের চড়নল-লড়ীবাগ রাস্তার পাশে সিন্দুরিয়া রেল ব্রিজের নিকট এ ঘটনা ঘটে।

বুড়িচং থানার ওসি উত্তম কুমার বড়ুয়া স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে জানান, আবুল কালাম আজাদসহ তার অপর দুই সহযোগী মিজান ও জামাল মোটরসাইকেল নিয়ে ওই ব্রিজের নিকট পৌছার পর তাদের ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় এলোপাতাড়ি ছুরিকাঘাতে ঘটনাস্থলে ব্যবসায়ী আজাদ নিহত হন। লুটে নেয়া হয় তাদের মোটরসাইকেল, টাকা-পয়সা ও মোবাইল ফোন।

স্থানীয়রা আহত মিজানকে উদ্ধার করে কুমিল্লা জেনারেল হাসপাতাল ও জামালকে কুমেক হাসপাতালে ভর্তি করেছে। নিহত আজাদ জেলার দেবিদ্বার উপজেলার বেগমাবাদ গ্রামের জমির আলীর ছেলে এবং দেবিদ্বার এসএ সরকারি কলেজ রোডে মমতা জুয়েলারির স্বত্ত্বাধিকারী ছিলেন।

নিহতের মরদেহ বুড়িচং থানা পুলিশের হেফাজতে নেয়া হয়েছে। বুধবার সকালে কুমেক হাসপাতাল মর্গে নিহতের ময়নাতদন্ত শেষে বিকালে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

ইত্তেফাক/নূহু