পীরগাছায় `কর্মসংস্থান কর্মসূচির' শ্রমিক ছাঁটাই

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৭, ১২:০৮
রংপুরের পীরগাছা উপজেলায় অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচিতে শ্রমিক নিয়োগে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। নিয়ম নীতিকে তোয়াক্কা না করে উপকার ভোগীদের নাম বাদ দিয়ে এলাকার স্বচ্ছল লোকদের নাম অন্তর্ভূক্ত করা হয়েছে।
 
এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দাখিল করেন কর্মসূচি থেকে বাদপড়া শ্রমিকেরা। কর্মসূচি শুরুর ২২ দিন অতিবাহিত হলেও কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ না করায় উপকারভোগী শ্রমিকেরা চরম বিপাকে পড়েছে।
 
ইজিপিপি কর্মসূচির জারিকৃত বিধিতে বলা হয়, ‘পূর্বের তালিকাভূক্ত উপকার ভোগীদের নাম পরবর্তী বছরে কর্তন করা যাবে না। তবে উপকারভোগী মারা গেলে তার স্থলে ওই পরিবারের অস্বচ্ছল ব্যক্তিকে তালিকায় অন্তর্ভূক্ত করতে হবে।’ 
 
কিন্তু এই নিয়ম নীতির তোয়াক্কা না করে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যরা নিজের ইচ্ছা মতো ১২০ জনের নাম কর্তন করে এলাকার স্বচ্ছল ব্যক্তিদের নতুন নামের তালিকায় সংযোজন করেন।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, ‘পুরাতন নাম কর্তন করার সুযোগ নাই। তবে স্থানীয় ইউপি চেয়ারম্যানদের সঙ্গে বসে শ্রমিকদের বিষয়টি আপোস করতে বলেছি।’
 
ইত্তেফাক/সালেহ্