নাটোরের গুরুদাসপুর উপজেলায় এক ইউপি সদস্যকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন।
মঙ্গলবার বিকাল পাঁচটার দিকে উপজেলার ধারাবারিষা বাজারে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়েছে। হামলার শিকার শফিকুল ধারাবারিষা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য।
এ ঘটনায় মঙ্গলবার রাতেই ইউপি সদস্য শফিকুল ইসলাম বাদী হয়ে মো. তারিকুল ইসলাম, মো. সোহেল রানা, মো. সাইদুল ইসলাম ও মো. হাসানসহ পাঁচ জনকে অভিযুক্ত করে স্থানীয় থানায় মামলা করেছেন।
শফিকুল ইসলাম বলেন, ‘এদিন বিকালে তিনি ধারাবারিষা বাজারে অবস্থান করছিলেন। এ সময় কিছু বুঝে উঠার আগেই রাজনৈতিক প্রতিপক্ষ তরিকুল, সোহেল, সাইদুল ও হাসানসহ ১০-১৫ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে তার উপর হামলা চালায়। এ সময় তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
তার অভিযোগ, বিগত ইউপি নির্বাচনে হামলাকারীরা নৌকার বিপরিতে নির্বাচন করেছেন। তিনি আওয়ামী লীগের সদস্য প্রার্থী ছিলেন। নির্বাচিতও হয়েছেন। এতে ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষের লোকজন তার উপর ক্ষুব্ধ ছিলেন।
গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক জানান, তার মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তাছাড়া শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।
ধারাবারিষা ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।
ইত্তেফাক/সালেহ্
