দেশের তরুণ প্রজন্মকে মোবাইলভিত্তিক বিভিন্ন উদ্যোগের সাথে সম্পৃক্ত করে বিশ্বের বাজারে প্রবেশে উৎসাহ ও সহায়তা দিতে দ্বিতীয় বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘জাতীয় মোবাইল অ্যাপ্লিকেশন পুরস্কার ২০১৭’।
আইসিটি বিভাগ ও ওয়ার্ল্ড সামিট এ্যাওয়ার্ড এর যৌথ উদ্যোগে জাতীয় মোবাইল অ্যাপ্লিকেশন পুরস্কার ২০১৭ আয়োজিত হচ্ছে। এতে জাতীয় পুরস্কার বিজয়ীরা ওয়ার্ল্ড সামিট মোবাইল পুরস্কারের গ্লোবাল প্রতিযোগিতার জন্য সরাসরি মনোনীত হবেন।
সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ আয়োজিত এই প্রতিযোগিতার সহযোগী গুগল ডেভেলপার গ্রুপ সোনারগাঁও এবং জিডিজি বাংলা। দেশীয় প্রতিষ্ঠান কর্তৃক নির্মিত সেরা মোবাইল কন্টেন্ট ও উদ্ভাবনী মোবাইল অ্যাপ্লিকেশনের প্রাপ্য স্বীকৃতি প্রদানই এই আয়োজনের মূল উদ্দেশ্যে।
প্রতিযোগিতায় যেকোনো ধরনের মোবাইলভিত্তিক (এসএমএস, আইভিআর, অ্যাপ্লিকেশন, গেইম) উদ্যোগ অংশ গ্রহণ করতে পারবে। জাতীয় পর্যায়ে এই প্রতিযোগিতার মাধ্যমে ৮টি ক্যাটাগরিতে বিজয়ী সেরা উদ্যোগগুলো তুলে ধরতে পারবেন।
আগামী ১৫ই মার্চ এর মধ্যে আগ্রহী ব্যক্তি ও প্রতিষ্ঠান আবেদন করতে পারবেন। নিবন্ধন ও মনোনয়ন জামা দেয়ার জন্য http://appaward.ictd.gov.bd/ এই লিঙ্কে প্রবেশ করতে হবে।
ইত্তেফাক/আনিসুর
