হবিগঞ্জের মাধবপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষীদের কাঁটা তারের বেড়া নির্মাণের চেষ্টার ঘটনায় দুই দেশের সীমান্তরক্ষীদের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকল সাড়ে ১০টায় মাধবপুর উপজেলার সীমান্তবর্তী শাহজালালপুর এলাকার ১৯৮৮ মেইন পিলারের নিকট প্রায় দুইঘণ্টা ব্যাপী বৈঠকে বিজিবি ও বিএসএফের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশের পক্ষে ৫৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাজ্জাদ হোসেনের নেতৃত্বে ১৪ সদস্যের একটি প্রতিনিধি দল ও ভারতের ৪৮ ব্যাটালিয়ানের কমান্ডেট বিক্রম সিংহের নেতৃত্বে ৮ সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়।
৫৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাজ্জাদ হোসেন বৈঠকের সত্যতা নিশ্চিত করে বলেন, কাঁটা তারের বেড়া নির্মাণের বিষয়টি নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে। বিষয়টি নিয়ে কোন সিদ্ধান্তে পৌঁছা যায় নি। তবে সীমান্তে নজরদারী বৃদ্ধি, নিয়মিত টহল ও দুই দেশের সৈনিকদের মধ্যে যোগাযোগ রক্ষার বিষয়টি গুরুত্ব পায়।
সূত্র জানায়, বাংলাদেশের চৌমুহনী ইউনিয়নের শাহজালালপুর এলাকার নিকটে ভারতের সীধায় এলাকায় ১৯৮৮ পিলার নিকট বিএসএফের একটি ক্যাম্প ও একটি মন্দির রয়েছে। ক্যাম্প ও মন্দিরটি অরক্ষিত দাবি করে বিএসএফ সীমান্ত আইন লংঘন করে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা চালিয়ে যাচ্ছে কয়েক বছর ধরে। এতে বাংলাদেশের বিজিবি সদস্যরা বাধা ও প্রতিবাদ জানিয়ে আসছেন।
ইত্তেফাক/মাহমুদুল
