প্যারিসে মহান একুশ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৭, ২১:২৮
গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় ফ্রান্সের রাজধানী প্যারিসে পালিত হয়েছে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এ উপলক্ষে ফ্রান্সে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা আয়োজনের মাধ্যমে দিবসটি পালন করেছে। এছাড়া আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ইউনেস্কো সদর দপ্তরেও এক সেমিনার অনুষ্ঠিত হয়।
 
মঙ্গলবার দিনের শুরুতে সকাল সাড়ে সাতটায় ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন ও তা অর্ধনমিত করেন। এর পর দূতাবাস প্রাঙ্গণে অস্থায়ী শহিদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রদূত সহ দূতাবাসের সর্বস্তরের কর্মকর্তা, কর্মচারী ও ফ্রান্স প্রবাসী বিভিন্ন সংগঠন। বিকেলে দূতাবাসের হেড অব চ্যান্সেরি হজরত আলী খানের পরিচালনায় এবং রাষ্ট্রদূত এম শহীদুল ইসলামের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত সভায় শহীদ দিবস উপলক্ষে দেয়া  রাষ্ট্রপতি এডভোকেট আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্র মন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বানী পাঠ করে শুনানো হয়। সব শেষে বাংলাদেশি খাবার পরিবেশন করা হয়।
 
এদিকে মহান একুশে শহিদদের শ্রদ্ধা জানাতে প্যারিসের আইফেল টাওয়ারের পাদদেশে নির্মিত অস্থায়ী শহিদ মিনারে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে কর্মাশিয়াল কাউন্সিলর ফিরোজ উদ্দিনের পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধার্ঘ প্রদান শুরু হয়। পরে একে একে মৌন মিছিল করে শহিদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় একুশ উদযাপন পরিষদ ফ্রান্স সহ ফ্রান্সের প্রায় অর্ধশতাধিক বাংলাদেশি সংগঠন। 
 
IMG0
 
এছাড়া একুশের প্রথম প্রহরে প্যারিসের মেট্রো হোসে অস্থায়ী শহিদ মিনার নির্মান করে ফ্রান্স আওয়ামীলীগ মহান একুশের বীর শহিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উপস্থিত ছিলেন ফ্রান্স আওয়ামীলীগের সভাপতি এম এ কাশেম, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, ফ্রান্স আওয়ামীলীগের সাবেক সভাপতি বেনজির আহমেদ সেলিম এবং সাবেক সভাপতি ও বিশিষ্ট মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ সহ ফ্রান্স প্রবাসী বাংলাদেশী বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা।
 
ইত্তেফাক/সাব্বির