সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বোয়ালিয়া বন্যা মোড়ে ঠান্ডু মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে পুলিশ। সে পাশের টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার দেওজান সুলিল গ্রামের হারু মিয়ার ছেলে।
এলাকাবাসী ও স্থানীয়রা জানান, বুধবার রাত ৮ টার সময় ঠান্ডু মিয়া বোয়ালিয়া বন্যা মোড়ে অবস্থান কালে চৌহালী থানার এএসআই রবিউল ইসলাম তাকে আটক করার চেষ্টা করে। ঠান্ডু মিয়া কেন তাকে আটক করা হচ্ছে জানতে চাইলে ঐ এএসআই ক্ষিপ্ত হয়ে ঠান্ডু মিয়াকে বেদম প্রহার করে।
ঠান্ডু মিয়া জ্ঞান হারিয়ে ফেললে তাকে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ সময় নাগরপুরের সাংবাদিকরা হাসপাতালে অবস্থানরত এএসআই রবিউল ইসলামকে ঠান্ডু মিয়ার আটকের ব্যাপারে প্রশ্ন করলে তিনি আশানুরূপ কোনো উত্তর দিতে পারেননি।
বলেছেন, থানার ওসির নির্দেশে তাকে ধরে আনতে গিয়েছিলাম। কিন্তু মোটর সাইকেলে আনার পথে তিনি লাফ দিয়ে পালানোর চেষ্টা করে আঘাত প্রাপ্ত হন। এরপর হাসপাতালে আনলে তিনি মারা যান।
এ ব্যাপারে চৌহালী থানার ওসির মোবাইল ফোনে বারবার যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।
ইত্তেফাক/নূহু
