বর আসার আগেই বিয়ে বন্ধ

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:৪৫
 
সব ঠিকঠাক বর আসলেই বিয়ে। কিন্তু বর আসার আগেই সে বিয়ে বন্ধ হলো। অল্পের জন্য বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেল স্কুলছাত্রী জেমি আক্তার নিশা (১৫)।
 
বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে রাজশাহীর বাগমারা উপজেলার দ্বীপপুর ইউনিয়নের মিরপুর গ্রামে।
 
স্থানীয় সূত্রে জানা গেছে, একই উপজেলার গনিপুর ইউনিয়নের বুজরুক কোলা গ্রামের ইসরাফিল হোসেনের ছেলে মেহেদী হাসান (২৫) এর সঙ্গে মেয়ের বাবা আব্দুল জব্বার তার মেয়ে নিশার বিয়ের আয়োজন করেন। নিশা মিরপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।
 
এলাকাবাসী বিষয়টি জানতে পেরে প্রশাসনকে জানায়। পরে প্রশাসন তার বাড়িতে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোকলেছুর রহমান দুলাল ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমানকে পাঠায় এবং বাল্যবিয়ে দিতে নিষেধ করেন। তাদের কথায় কান না দিয়ে গোপনে বিয়ে দেয়ার প্রস্তুতি নেয় নিশার বাবা। পরে বাগমারা থানার ওসি পুলিশ পাঠিয়ে বিয়ে বন্ধ করে। সেই সঙ্গে মেয়ের বাবা আব্দুল জব্বারকে থানায় নিয়ে যায়।
 
এ ব্যাপারে বাগমারা থানার অফিসার ইনচার্জ সেলিম হোসেন জানান, আমরা মেয়ের বাবার নিকট থেকে লিখিত আকারে অঙ্গিকার নামা নিয়েছি তারা ১৮বছরের আগে মেয়ের বিয়ে দেবেনা। একই ভাবে ছেলের পিতার নিকট থেকেও লিখিত অঙ্গিকার নেয়া হবে।
 
ইত্তেফাক/জামান