জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গাছপালা সংরক্ষণ কমিটি ও প্রশাসনের অনুমোদন না নিয়েই নিজেদের ইচ্ছে মত ক্যাম্পাসের প্রায় ৪০টি গাছ কর্তনের অভিযোগ উঠেছে ইনস্টিটিউট অব বিজনেস এডমিনিস্ট্রেশন (আইবিএ) বিভাগের বিরুদ্ধে।
বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেন ও মীর মশাররফ হোসেন হলের মধ্যবর্তী উত্তর পার্শ্ব থেকে এসব গাছ কাটা হয় বলে জানা যায়। অনুমোদন ছাড়াই এ গাছ কাটায় বিশ্ববিদ্যালয়ের এস্টেট শাখা ও গাছপালা সংরক্ষণ কমিটি ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন ও এস্টেট শাখা সূত্রে জানা যায়, কোন কারনে কেউ গাছ কাটার ক্ষেত্রে নিয়ম হচ্ছে গাছপালা সংরক্ষণ কমিটি ও প্রশাসনের অনুমোদন নিতে হবে। কিন্তু আইবিএ প্রশাসন কোন অনুমোদন ছাড়াই গত ১১ থেকে ১৯ শে ফেব্রুয়ারি পর্যন্ত মোট ৩৫-৪০টি আকাশিয়া গাছ কাটে।
গাছ কাটার কারন হিসেবে জানা যায়, ভবন নির্মাণ ও অনুষ্ঠান করার জন্য এসব গাছ কাটা হয়েছে। তবে গাছ কাটা শুরুর প্রায় তিনদিন পর ১৪ ফেব্রুয়ারি গাছ কাটার অনুমোদনের জন্য একটি ফাইল প্রশাসনের কাছে পাঠায় আইবিএ। ভিসি অধ্যাপক ফারজানা ইসলাম ফাইলটিকে এখনো অনুমোদন করেনি বলে জানা গেছে।
এ বিষয়ে আইবিএ’র পরিচালক মো. মোতাহার হোসেন জানান, প্রশাসনের অনুমোদন দীর্ঘ সাপেক্ষ হওয়ায় আমাদের প্রোগ্রামের জন্য আকাশিয়া গাছ কাটা হয়েছে। তবে এসব গাছ পরিবেশের জন্য ক্ষতিকর।
এস্টেটের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরুল আমিন বলেন, গাছ কাটার বিষয়ে আমরা কিছুই জানি না। পরিবেশ কমিটি ও প্রশাসনের কোন অনুমোদন নেওয়া হয়নি বলেও জানান তিনি। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের গাছপালা সংরক্ষণ কমিটির সদস্য ও দর্শন বিভাগের শিক্ষক রায়হান রাইন বলেন, বিশ্ববিদ্যালয়ের এস্টেট শাখা ও কমিটিকে না জানিয়ে যৌক্তিকতা ও বিচার বিশ্লেষণ ছাড়াই গাছগুলো কাটা হয়েছে।
ইত্তেফাক/আনিসুর
