উখিয়ার উপকূলে ভূমিহীনদের পুনর্বাসনের দাবীতে মানববন্ধন

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:০৩
 
উচ্ছেদ আতঙ্কে উখিয়ার উপকূলে পরিবেশ ভারী হয়ে উঠেছে। যুগ যুগ ধরে বসবাসরত ছিন্নমূল ভূমিহীন হাজারো পরিবারের নারী পুরুষ বৃহস্পতিবার মেরিন ড্রাইভ সড়কে মানববন্ধন করেছে। তাদের একটাই দাবী উচ্ছেদ কার্যক্রম বাস্তবায়নের পূর্বে তাদের পুনর্বাসন করা হউক।
 
সকালে সরেজমিন জালিয়াপালং ইউনিয়নের উপকূলীয় জনপদ রেজু ঘাটঘর থেকে নিদানিয়া ঘুরে দেখা যায় শত শত নারী পুরুষ ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড নিয়ে মেরিন ড্রাইভ সড়কের পাশে দাড়িয়ে আছে।
 
সেখানে বসবাসরত ভূমিহীনরা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৬ সালে মেরিন ড্রাইভের পশ্চিমাংশে একটি আশ্রয়ণ প্রকল্প প্রতিষ্ঠা করে শতাধিক ভূমিহীন পরিবারকে পুনর্বাসন করেন। ঐ আশ্রয়ণ প্রকল্পের ধারাবাহিকতায় বর্তমানে প্রায় ১ হাজার ভূমিহীন পরিবার উপকূলে বসবাস করছে। পর্যটনের উন্নয়নের স্বার্থে এসব পরিবারদের উচ্ছেদ করা হলে তাদেরকে মাথা গুজার ঠাঁই হারিয়ে পথে পথে ঘুরতে হবে।
 
স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম জানান, হতদরিদ্র এসব ভূমিহীন পরিবারগুলো সাগরের ফিশিং বোটে জীবনের ঝুঁকি নিয়ে জীবন জীবিকা নির্বাহ করছে। বাসস্থান বলতে বাড়িটুকু ছাড়া তাদের আর কিছুই নেই। তাই এসব পরিবারদের একটি নির্দিষ্ট ঠিকানা করে দেওয়ার জন্য সরকারের মানবিক সুদৃষ্টি কামনা করছেন তারা।
 
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিন জানান, পর্যটন শিল্পের অধিকতর উন্নয়নের স্বার্থে মেরিন ড্রাইভের পশ্চিমাংশে অবৈধ ভাবে বসবাসরত পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে উচ্ছেদ করা হচ্ছে।
 
ইত্তেফাক/আনিসুর