ফুটবল মাঠের সময়টা মোটেই ভালো যাচ্ছে না জার্মান মিডফিল্ডার মেসুত ওজিলের। তাই এই প্লেমেকারকে ছুটি দিয়েছেন নিজ ক্লাব আর্সেনালের অভিজ্ঞ কোচ আর্সেন ওয়েঙ্গার। ছুটি পেয়েই তুরস্কে উড়ে গেলেন সাবেক রিয়াল মাদ্রিদের এই জার্মান ফুটবলার।
সেখানেই এক সুন্দরী নারীর সঙ্গে সময় কাটাতে দেখা গেল ওজিলকে। সেই নারীর নাম আমিন গুলসে। ২০১৪ সালে মিস তুর্কি খেতাব জিতেছিলেন তিনি। ২৩ বছর বয়সী সুইডিশ বংশোদ্ভূত মডেল আমিন গুলসে তুরস্কের টেলিভিশন সিরিজে অভিনয় করে ইতোমধ্যেই সুনাম কুড়িয়েছেন। তবে ওজিলের সঙ্গে তার সম্পর্কটা পুরোনো। কেননা এর আগে গত সপ্তাহে সেন্ট্রাল লন্ডনেও ওজিলের সঙ্গে একত্রে দেখা যায় তাকে। তবে তারা নিশ্চিত করেছেন যে, একে অপরের ভালো বন্ধু!
IMG0
২০১৩ সালে স্পেনের জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদ ছেড়ে আর্সেনালে যোগ দেন ওজিল। ইংলিশ প্রিমিয়ার লিগের শুরুতে তার ঝলক দেখা গেছে ঠিকই। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ক্রমেই যেন নিঃস্প্রভ হয়ে পড়েছেন জার্মানির বিশ্বকাপজয়ী এই মিডফিল্ডার। গত তিন বছরে গানারদের হয়ে ১০৪ ম্যাচ খেলেছেন তিনি। এই সময়ের মধ্যে প্রতিপক্ষের জালে ২০বার বল জড়িয়েছেন মেসুত ওজিল। তবে এই সময়ের মধ্যে বড় কোন শিরোপা জয়ের স্বাদ পায়নি তার দল।
ইত্তেফাক/রেজা
