খুলনায় পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' চরমপন্থি দল নিউ বিপ্লবী কমিউনিস্ট পার্টির (এম-এল) সেকেন্ড ইন কমান্ড জিয়া সানা ওরফে হাতকাটা জিয়া (৪৫) নিহত হয়েছেন।
শুক্রবার ভোর রাতে এ ঘটনা ঘটে। এতে পুলিশের এস আই ফরিদ আহমেদ এবং কনস্টবল আমিরুল ইসলাম, বদরুল আলম ও দেবব্রত আহত হয়েছেন। জিয়ার বিরুদ্ধে ৬টি হত্যাসহ ৯টি মামলা রয়েছে। সে ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া গ্রামের মৃত বাবর আলী সানার ছেলে।
পুলিশ জানিয়েছে, একদল ডাকাত হরিণটানা থানার কৈয়া বাজার সংলগ্ন সাউথ বাংলা আবাসিক প্রকল্প এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে পুলিশও পাল্টা ৫ রাউন্ড গুলি ছোঁড়ে। একপর্যায়ে জিয়া গুলিবিদ্ধ হন এবং অন্যরা পালিয়ে যান। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হরিণটানা থানার ওসি মিজানুর রহমান জানান, ঘটনাস্থল থেকে দুটি আগ্নেয়াস্ত্র, দু'টি রামদা ও ৫০পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশ চার সদস্য আহত হয়েছে বলে দাবি করছেন হরিণটানা থানার ওসি।
ইত্তেফাক/জামান
