বাংলার মাটিতে খালেদার বিচার হবে: শিরিন আখতার

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:০৬
 
জাসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিরিন আখতার এমপি বলেছেন, 'বাংলার মাটিতে খালেদা জিয়ার বিচার হবে। মানুষ পুড়িয়ে মেরেছেন। খালেদা জিয়া ও তার ছেলের নামে দুর্নীতির মামলা হয়েছে।'
 
'তিনি (খালেদা জিয়া) ইতিহাস বিকৃত করেছেন।' উল্লেখ করে শিরিন আখতার বলেন, 'সকল ক্ষেত্রে পাকিস্তান প্রীতি ও মিথ্যা কথা বলছেন। আপনার জন্ম মিথ্যার মধ্যে। মিথ্যা দিয়ে চলেন।'
 
শিরিন আখতার শুক্রবার সকাল ১০টায় মাগুরার শালিখার আড়পাড়ায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা জাসদের সম্মেলনে প্রধান অতিথির ভাষণে একথা বলেন।
 
'যুদ্ধাপরাধীদের বিচার চলছে' উল্লেখ করে তিনি বলেন, 'গোলাম আযম, নিজামী, মুজাহিদ, সাকা চৌধুরীদের বিচার হয়েছে। জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই চলছে। যেকোনো মূল্যে জঙ্গিবাদ নির্মূল করতে হবে। জঙ্গিসঙ্গী খালেদা জিয়ার বিচার করতে হবে।'
 
শালিখা উপজেলা জাসদের সভাপতি অতিয়ার রহমান জোয়াদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য জাহিদ আলমসহ প্রমুখ। সম্মেলনে অতিয়ার রহমান জোয়াদারকে সভাপতি, আশরাফ আলীকে সাধারণ সম্পাদক করে শালিখা উপজেলা জাসদের কমিটি গঠিত হয়েছে। 
 
ইত্তেফাক/জামান