নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় শুক্রবার সকাল ১১টার দিকে পৌর শহরের আলীপুর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ছাত্রদলের কর্মীসভা চলাকালে পুলিশ লাঠিচার্জ শুরু করলে ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ১৩ পুলিশসহ অনন্ত অর্ধশত ছাত্রদল নেতাকর্মী আহত হয়েছে।
আহত পুলিশ সদস্যরা হলেন- কেন্দুয়া থানার এসআই ছামেদুল হক, এসআই সঞ্জয় সরকার, এসআই আল আমিন, এসআই আব্দুল কাদের, এসআই আবুল বাশার, এএসআই হেলাল আহমেদ, কনস্টেবল সুমন মিয়া, মিজানুর রহমান, মো. জাকির হোসেন, আবুল খায়ের, সোহেল রানা ও আব্দুল কদ্দুছ। আহত পুলিশ সদস্যদের মধ্যে এসআই ছামেদুল হক, এসআই সঞ্জয় সরকার, কনস্টেবল আবুল খায়ের ও কনস্টেবল আব্দুল কদ্দুছের অবস্থা গুরুতর বলে হাসপাতাল সূত্রে জানা যায়। আহত সকল পুলিশ সদস্যকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে ছাত্রদলের প্রায় ৩০/৪০ জন নেতাকর্মী আহত হয়েছে বলে জানিয়েছেন উপজেলা ছাত্রদলের সভাপতি শফিকুল ইসলাম শফিক। আহতরা বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছে বলে জানান তিনি। সংঘর্ষ চলাকালে প্রত্যক্ষদর্শীরা ফাঁকাগুলির শব্দ শুনলেও পুলিশ কত রাউন্ড গুলি ছুড়েছে এ বিষয়ে সঠিকভাবে বলতে পারেননি কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিরাজুল ইসলাম। এ ঘটনায় ছাত্রদলের কোনো নেতাকর্মীকে আটক করা হয়েছে কি না তাও সঠিক জানাতে পারেননি ওসি।
ইত্তেফাক/মাহমুদুল ইসলাম
