ময়মনসিংহের গৌরীপুর রেলওয়ে স্টেশনে ট্রেনের যাত্রী সাধারণের নিরাপত্তায় সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে সিসি ক্যামেরার উদ্বোধন করেন গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন- গৌরীপুর রেলওয়ে স্টেশন মাস্টার মীর্জা মুহাম্মদ শামছুল হক, গৌরীপুর পৌরসভার প্যানেল মেয়র দেওয়ান মাসুদুর রহমান খান সুজন, এস এম আলী আহাম্মদ, পৌর আওয়ামী লীগ নেতা রনজিৎ ঘোষ, গৌরীপুর প্রেসক্লাবেরর সাধারণ সম্পাদক মশিউর রহমান কাউসার, জিআরপি ফাঁড়ি ইনাচার্জ কাওছার আহাম্মেদ, আরএনবি কর্মকর্তা তোফায়েল আহাম্মেদ প্রমুখ।
স্টেশন মাস্টার জানান, বাংলাদেশ রেলওয়ে টেলিকম রেডিও বিভাগ কর্তৃক উচ্চ ক্ষমতা সম্পন্ন এ সিসি ক্যামেরা স্থাপন করা হয়। এতে থ্রি মেগা পিক্সেল ১২টি ক্যামেরা, ১৬টি চ্যানেল ও ৩টি মনিটর রয়েছে। ৩টি মনিটর স্টেশন মাস্টার অফিস, জিআরপি ফাঁড়ি ও নিরাপত্তা বাহিনীর অফিসে স্থাপন করা হয়েছে। সিসি ক্যামেরা স্থাপনের ফলে স্টেশনের সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে।
জানা গেছে, গৌরীপুর জংশন দিয়ে বিভিন্ন লাইনে প্রতিদিন ৩০টি ট্রেন চলাচল করে। তার মধ্যে আপ এন্ড ডাউন আন্তঃনগর ৬টি, কমিউটার ৪টি, এক্সপ্রেস ৪টি ও ১৬টি লোকাল ট্রেন। এ স্টেশনের মাধ্যমে বিভিন্ন লাইনে প্রতিদিন ১০ হাজার ট্রেন যাত্রী চলাচল করে। প্রতিদিন প্রায় দেড় লাখ টাকা আয় হয়। প্রাচীন এই স্টেশনটি সংস্কার ও আধুনিকায়নে গৌরীপুরবাসী কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছে।
ইত্তেফাক/মাহমুদুল
