আশুলিয়ায় র‌্যাব-অপহরণকারী বন্দুকযুদ্ধ, প্রকৌশলী উদ্ধার

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৭, ২২:৪৪
ঢাকার আশুলিয়ার জামগড়ার একটি বাড়িতে শুক্রবার সন্ধ্যায় র‌্যাব অভিযান চালিয়ে আমানউল্লাহ নূর আমান (২৬) নামে অপহৃত এক প্রকৌশলীকে উদ্ধার করেছে। 
 
অভিযানের সময় র‌্যাবের গুলিতে ৪ অপহরণকারী গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনার পর ৬ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃতরা হলেন, মোহসিন (২৬), মিজান (৩৪), মনির (২৮), আলমগীর (২৮), মারুফ হোসেন (১৯) ও রুহুল আমিন (১৯)। 
 
র‌্যাব-১০ এর অধিনায়ক এডিশনাল ডিআইজি জাহাঙ্গীর হোসেন মাতুব্বর বলেন,  আমান টঙ্গিতে একটি প্রতিষ্ঠানে প্রকৌশলী হিসাবে কর্মরত। তার বাড়ি ঠাকুরগাঁওয়ের রাণীশৈংকল থানার ফারাবাড়ি গ্রামে। বৃহস্পতিবার  ঢাকায় বাসে করে ফেরার সময় অপহরণকারীরা তাকে অপহরণ করে নিয়ে যায় বলে র‌্যাবের কাছে অভিযোগ করে তার পরিবার। পরে র‌্যাব বিষয়টি তদন্ত করে জামগড়ার মধ্যপাড়ার একটি বাড়িতে আমানকে আটকে রাখার তথ্য পায়। এর আগে আমানের পরিবারের কাছে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। সন্ধ্যায় মধ্যপাড়ার ঐ বাড়িটি র‌্যাব ঘিরে ফেলে। এ সময় র‌্যাব সদস্যদের লক্ষ্য করে অপহরণকারীরা গুলি ছুঁড়লে র‌্যাবও পাল্টা গুলি ছোঁড়ে। এতে চারজন গুলিবিদ্ধ হন। এক পর্যায়ে ওই বাসা থেকে আমানকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়।  
 
ইত্তেফাক/উজ্জল