শেষ চারে চট্টগ্রাম আবাহনী

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৭, ০৮:৪৬
বর্তমান চ্যাম্পিয়ন চট্রগ্রাম আবাহনী দু’দফায় পিছিয়ে পড়েও নেপালের মানাং মার্সিয়াংদি ক্লাবের সঙ্গে নাটকীয় ড্রয়ে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের সেমি-ফাইনালে উঠেছে।
 
এই ড্রয়ের পরও শেষ চারে গেছে মানাং। কারণ রাতের অপর খেলায় মোহামেডান ২-১ গোলে আসমায়ীকে হারালেও গ্রুপ রানার্স আপ হয় নেপালের ক্লাবটি।
 
চট্রগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে গতকাল শুক্রবার ‘বি’ গ্রুপের এ খেলাটি ২-২ গোলে ড্র হয়। তিন খেলায় এক জয় ও দুই ড্রয়ের সুবাদে ৫ পয়েন্ট নিয়ে শেষ চার নিশ্চিত করলো কোচ সাইফুল বারী টিটোর দল।
 
আগের দিন ঢাকা আবাহনীর বিদায় এবং দেশের অপর দল মোহামেডানকে নিয়ে শংকা থাকায় স্বাগতিক আবাহনীর উপরই ছিল দর্শকদের সব প্রত্যাশা। কিন্তু দিনের প্রথম এ খেলায় নেপালিদের কাছে দুই দফায় পিছিয়ে পড়ে স্বাগতিকরা। তাতে সমর্থকদের মধ্যে শংকা দেখা দেয়। শেষ পর্যন্ত অবশ্য আয়োজক ক্লাবটি শুধু সমতাই ফেরায়নি, গ্রুপসেরা হয়েই সেমিফাইনাল নিশ্চিত করে।
 
চটগ্রাম আবাহনী তৃতীয় মিনিটেই পিছিয়ে পড়ে। নেপালের ক্লাবটির সেমিফাইনালে যেতে জয়ের বিকল্প ছিল না। এ জন্য শুরু থেকেই জিততে মরিয়া ছিলো মানাং। বাঁ প্রান্ত থেকে গড়ে ওঠা আক্রমণে অনিল গুরংয়ের কাছ থেকে বল পেয়ে গোলমুখে থাকা আফেজ ওলাডিপো হেডে সহজেই গোলরক্ষক আরিফুল ইসলাম রানাকে পরাস্ত করেন। পরের মিনিটে সমতা ফেরানোর সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি চট্রগ্রামের ক্লাবটি। ডান দিক থেকে মামুনুল ইসলামের নেয়া কর্নার বাঁক খেয়ে পোস্টে ঢোকার আগ মুহূর্তে তুড়ি মেরে ফেরান মানাং গোলরক্ষক।
 
এরপর অতিথি ক্লাবটি চাপ বাড়ায় এবং ১৩তম মিনিটে ওলাডিপোর ক্রস অল্পের জন্য ক্রসবারের ওপর দিয়ে উড়ে যায়। এর মধ্যে ২৩তম মিনিটে ওলাডিপো নাসিরউদ্দিনকে কাটিয়ে মাপা শটে ব্যবধান ২-০ করে নেন।
 
স্বাগতিকরা অবশ্য এরপরও তীব্র লড়াই চালায় এবং ৩২ মিনিটে গোল করে ব্যবধান ১-২ করেন।
 
মামুনুলের কর্নার থেকে আসা বল আয়ত্তে নিয়ে বাঁ দিক থেকে জামাল ভূইয়া তা আলতো টোকায় তুলে দিলে নাসিরউদ্দিন নিখুঁত হেডে লক্ষ্যভেদ করেন। শিরোপাধারীদের সমতা ফেরানো গোলটি আসে ৬২তম মিনিটে। অগাস্টিন ওয়ালসনের শট নেপালের অ্যাডামা বোহ সিসোকো হাত দিয়ে আটকালে পেনাল্টি পায় বাংলাদেশের ক্লাবটি। ওয়ালসনই শট মেরে ব্যবধান ২-২ করেন।
 
এর ছয় মিনিট পর এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল চট্টগ্রাম আবাহনী। বক্সের বাইরে থেকে মুফতা লাওয়ালের জোরালো শট ক্রসবার ছুঁয়ে বেরিয়ে যায়। আবার মানাং ক্লাবের অনিলের হেড পোস্টে লেগে বিফলে যায়। এরপর রুদ্ধশ্বাস প্রতীক্ষার অবসান হয় রেফারির শেষ বাশিতে। তাতে বাংলাদেশের প্রথম দল হিসেবেই শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের সেমিফাইনালে নাম লেখায় চট্টগ্রাম আবাহনী।
 
কোচ সাইফুল বারী টিটু খেলা শেষে সংবাদ সম্মেলনে জানান তারা এখন কেবল সেমিফাইনাল নিয়েই ভাবছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সামনের খেলাগুলো আরো কঠিন হবে। তবে ছেলেরা আত্মবিশ্বাসী। আমরা চ্যাম্পিয়ন হয়েই থাকতে চাই।’
 
মানাং কোচ সিহিরিং লোপচাঙ্গ গুরুং জানান, তারা মোহামেডান ও আসমায়ী ম্যাচের ফলাফলের অপেক্ষায় আছেন। তিনি বলেন, ‘প্রত্যেক খেলোয়াড় সর্বোচ্চ চেষ্টা করেছে। কিন্তু দুর্ভাগ্য। জয় হাতছাড়া হয়েছে। এখন পরের খেলার উপর নির্ভর করবে।’
 
ইত্তেফাক/মাহাদী