ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষক নিহত

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:৫৩
 
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় চুয়াডাঙ্গা সরকারি কলেজের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক এহতেশামুল হক নতুন (৫০) নিহত হয়েছেন। শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
 
এহতেশামুল শহরের বাঘাযতীন সড়কের মৃত ওয়াজিউল হকের ছেলে। এতে আহত হয়েছেন ওই কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক জাহাঙ্গীর আলম।
 
ঝিনাইদহ সদর থানার ওসি হরেন্দ্র নাথ সরকার জানান, সকালে মোটর সাইকেল যোগে ওই দুই শিক্ষক ঝিনাইদহ থেকে চুয়াডাঙ্গায় কলেজে যাচ্ছিলেন। পথে ভেটেরিনারি কলেজের সামনে পৌঁছুলে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ওই দুই শিক্ষক গুরুতর আহত হন। সেখান থেকে তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে এনে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় এহতেশামুল মারা যান।
 
ইত্তেফাক/জামান