দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় স্কুল কর্মচারী নিহত, যান চলাচল বন্ধ

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:১১
 
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় রফিকুল ইসলাম (৩৮) নামে এক স্কুল কর্মচারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরেক শিক্ষক। এর প্রতিবাদে দিনাজপুর-দশমাইল সড়কে আড়াই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
 
শনিবার সকাল সাড়ে ৮টায় দিনাজপুর-দশমাইল সড়কে সদর উপজেলার নশিপুর স্কুল এন্ড কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত রফিকুল ওই বিদ্যালয়ের অফিস পিয়ন এবং নশিপুর গ্রামের ইসলাম উদ্দীনের পুত্র। আহত মজিবর রহমান একই বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক এবং বাড়ি দিনাজপুর সদর উপজেলার কালিকাপুর গ্রামে।
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, তাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে শনিবার সকালে তারা পিকনিকে যাচ্ছিল। স্কুল থেকে মোটরসাইকেলযোগে বের হওয়ার সময় হক এন্টারপ্রাইজ নামে দ্রুতগামী একটি বাসের চাকায় পিষ্ট হন তারা। এতে ঘটনাস্থলেই রফিকুল নিহত হন। আহত শিক্ষক মজিবর রহমানকে আশঙ্কাজনক অবস্থায় দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
ঘটনাস্থলে উপস্থিত কোতোয়ালি থানার এসআই সুমন পারভেজ জানান, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন এবং বেলা ১১টায় যান চলাচল স্বাভাবিক করে দেয়া হয়েছে।
 
ইত্তেফাক/জামান