এক দিনের সফরে রবিবার (২৬ ফেব্রুয়ারি) বগুড়ায় আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা ১১টায় তিনি জেলার আদমদীঘি উপজেলার সান্তাহারে নির্মিত দেশের প্রথম সৌরবিদ্যুৎ সুবিধাসহ বহুতল বিশিষ্ট আদ্রতা নিয়ন্ত্রক অত্যাধুনিক খাদ্যগুদামের উদ্বোধন করবেন। ২৫ হাজার মেট্রিক টন ধারণ ক্ষমতার এই গুদাম নির্মাণে ব্যয় হয়েছে ২'শ ৩২ কোটি টাকা। এর মধ্যে জাপান সরকার সহায়তা দিয়েছে ১'শ ৫০ কোটি টাকা।
খাদ্যগুদাম ছাড়াও প্রধানমন্ত্রী বেশকিছু প্রকল্পের উদ্বোধন করবেন এবং সান্তাহার স্টেডিয়ামে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন।
বগুড়ার জেলা প্রশাসক মো. আশরাফ উদ্দিন জানান, বেলা ১১টায় প্রধানমন্ত্রী ২৫ হাজার মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন মাল্টিস্টোরে ওয়ারহাউসের উদ্বোধন করবেন। এছাড়াও প্রধানমন্ত্রী নব-নির্মিত নন্দীগ্রাম উপজেলা কমপ্লেক্স ভবন, সোনাতলা উপজেলার বয়রা কারিগরি স্কুল অ্যান্ড কলেজ ও গাবতলী উপজেলায় মোস্তাফিজার রহমান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় চত্বরে নির্মিত বন্যা আশ্রয় কেন্দ্র, বগুড়ার শাজাহানপুর থানা ভবন, শাজাহানপুর উপজেলার সুলতানগঞ্জ হাইস্কুলে দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের জন্য নির্মিত আবাসিক হল (হোস্টেল) উদ্বোধন করবেন।
একইসাথে প্রধানমন্ত্রী বগুড়া প্রেসক্লাব ভবনের ভিত্তিপ্রস্তরসহ দুপচাঁচিয়া উপজেলা, শাজাহানপুর উপজেলা, শিবগঞ্জ উপজেলা ও নন্দীগ্রাম উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন এবং সোনাতলা উপজেলার সিচারপাড়া-৩ গুচ্ছগ্রাম প্রকল্প, গাবতলী উপজেলার খৈলসাকুড়ি ব্রিজ, জয়ভোগা ব্রিজ, সারিয়াকান্দি উপজেলার হাট ফুলবাড়ী ব্রিজ, কৃষি পণ্য বাজারজাতকরণে গ্রামীণ যোগাযোগ উন্নয়ন প্রকল্পের আওতায় সোনাতলা উপজেলার ১০ কিলোমিটার ও সারিয়াকান্দি উপজেলার ১০ কিলোমিটার রাস্তার নির্মাণ কাজেরও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলা ৩টায় সান্তাহার স্টেডিয়ামে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দেবেন। ওই জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন তিনি।
জেলা প্রশাসক জানান, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে ।
প্রসঙ্গত, দ্বিতীয় মেয়াদে সরকার গঠনের পর এটি প্রধানমন্ত্রীর বগুড়ায় ২য় সফর। এরআগে ২০১৫ সালে ১২ নভেম্বর বগুড়া সফর করেন তিনি। এসময় বেশ কিছু উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছিলেন এবং শহরের অালতাফুন্নেছা খেলার মাঠে জনসভায় প্রধান অতিথির ভাষণ দিয়েছিলেন।
ইত্তেফাক/মাহমুদুল
