স্প্যানিশ লা লিগায় রবিবার রাতে মাঠে নামছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। প্রতিপক্ষ অ্যাতলেটিকো মাদ্রিদ। অ্যাতলেটিকোর কোচ হিসেবে দিয়েগো সিমিওনের ৩০০তম ম্যাচ। ২০১১ সালে সিমিওনে ‘রোজি ব্লাঙ্কোস’দের কোচ হয়ে আসার পর স্পেনের ঘরোয়া আসরে বার্সাকে কখনই হারাতে পারেনি অ্যাতলেটিকো। তাই এবার নতুন ইতিহাসই গড়তে হবে ভিসেন্তে ক্যালদেরনে।
২২ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে সেভিয়া। তবে আজ ভিয়ারিয়ালের মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। রিয়ালের চেয়ে এক ম্যাচ বেশি খেলে ৫১ পয়েন্ট নিয়ে তার পরেই বার্সেলোনা। লিগ শিরোপা জয়ের দৌড়ে রিয়ালের ওপর চাপ বাড়াতে অ্যাতলেটিকোর মাঠে জয়ের বিকল্প নেই লুই এনরিকের দলের।
অ্যাতলেটিকোর বিপক্ষে বরাবরই গোল করে থাকেন লিওনেল মেসি। তার জালে মোট ২৬ বার বল জড়িয়েছেন এই আর্জেন্টাইন ফুটবল জাদুকর। এ দলটি ছাড়া সব প্রতিযোগিতা মিলিয়ে শুধু সেভিয়ার জালেই সর্বোচ্চ ২৭ গোল করেছেন মেসি।
ইত্তেফাক/মাহাদী
