খুলনায় ১৩ দফা দাবিতে সংবাদ সম্মেলন

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:০৫
রূপসা ও ভৈরব নদীর তীর ঘেঁষে খুলনা শহর রক্ষা বাঁধ, পরিকল্পিত রাস্তা-পার্ক নির্মাণ এবং খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলে যোগাযোগ ব্যবস্থা আধুনিকায়নে জনগুরুত্বপূর্ণ প্রকল্প গ্রহণসহ ১৩ দফা বাস্তবায়নের দাবি জানিয়েছে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি।
 
রবিবার বেলা সাড়ে ১১টায় খুলনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
 
এতে লিখিত বক্তৃতায় সংগ্রাম কমিটির মহাসচিব শেখ আশরাফ-উজ-জামান বলেন, ‘বাংলাদেশের অন্যতম বৃহৎ প্রকল্প দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ভাগ্য উন্নয়নের অন্যতম চাবিকাঠি পদ্মাসেতু দ্রুত বাস্তবায়নের পথে। এই বহুমুখী পদ্মাসেতু বাস্তবায়ন হলে বৃহত্তর খুলনাসহ পদ্মার এ পারের ২১ জেলায় ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড শুরু হবে। খুলনা হবে তার কেন্দ্রবিন্দু। খুলনা মেগাসিটিতে রূপান্তরিত হবে। আগামীকে সামনে রেখে এখনই এ অঞ্চলের সড়ক ও যোগাযোগ ব্যবস্থা দ্রুত উন্নয়ন অতীব জরুরি।
 
সংবাদ সম্মেলনে রূপসা ও ভৈবর নদীর তীর ঘেষে খুলনা শহর রক্ষা বাঁধসহ পরিকল্পিত রিভার ভিউ রোড ও দৃষ্টিনন্দন পার্ক নির্মাণ, খুলনা-জোড়াগেট-দৌলতপুর-ফুলবাড়ীগেট-শিরোমণি-ফুলতলা পর্যন্ত সড়ক ডিভাইডারসহ ছয়লেনে উন্নীতকরণ, খুলনা রেলস্টেশন-পাওয়ার হাউজ মোড় থেকে খুলনা বিশ্ববিদ্যালয় পর্যন্ত ছয়লেনে উন্নীতকরণ, ভৈরব নদীর ওপর সেতু নির্মাণ, খুলনা-যশোর মহাসড়ক ছয়লেনে উন্নীতকরণ, খুলনা-বটিয়াঘাটা, দাকোপ-নলিয়ান আঞ্চলিক মহাসড়ক দ্রুত বাস্তবায়ন, খুলনা-সাতক্ষীরা (ভোমরা) মুন্সিগঞ্জ মহাসড়ক দ্রুত উন্নয়ন, খুলনা-ডুমুরিয়া-কপিলমুনি-পাইকগাছা-কয়রা আঞ্চলিক মহাসড়ক বাস্তবায়ন, ঢাকা-মাওয়া-খুলনা-মংলা মহাসড়ক ছয়লেনে উন্নীতকরণ ও নগরীর বয়রা মেইন রোড সম্প্রসারণে যথাযথ পদক্ষেপ গ্রহণসহ অবিলম্বে ১৩ দফা বাস্তবায়নের দাবি জানানো হয়।
 
এছাড়া সংবাদ সম্মেলনে কেসিসি, কেডিএ, রোডস অ্যান্ড হাইওয়ে, জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারকে সম্পৃক্ত করে একটি সমন্বিত সভা আহ্বান এবং জেলা প্রশাসকের মাধ্যমে সড়ক ও সেতুমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা করা হয়।
 
এ সময় উন্নয়ন কমিটির সভাপতি শেখ মোশাররফ হোসেন, ইঞ্জিনিয়ার আজাদুল হক, অধ্যক্ষ জাফর ইমাম, শাহীন জামান পন ও মিজানুর রহমান বাবু প্রমুখ  উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/সালেহ্‌