খাগড়াছড়িতে এমআরপি সেবা, আড়াই কোটি টাকা রাজস্ব আদায়

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:১৭
পাসপোর্ট নাগরিক অধিকার, নি:স্বার্থ সেবাই অঙ্গীকার- এ শ্লোগানে পার্বত্য জেলা খাগড়াছড়িতে পাসপোর্ট সেবা সপ্তাহ শুরু হয়েছে। আজ রবিবার সকালে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে পাসপোর্ট সেবা কার্যক্রমের উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার মো: সালাউদ্দীন। উদ্বোধন শেষে প্রধান অতিথি সরকারের এই সেবা কার্যক্রম পার্বত্য জেলার সর্বত্র ছড়িয়ে দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।
 
এ সময় পার্বত্য জেলা পরিষদ সদস্য মংসুইপ্রু চৌধুরী অপু, খাগড়াছড়ি আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো: রুস্তম আলী, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি নুরুল আজম, জেলা মুক্তিযোদ্বা সংসদের উপ-কমান্ডার আবদুর রহমান, সাবেক কমান্ডার মফিজুর রহমান তালুকদার, সাংগঠনিক সম্পাদক মো. রফিক, সদস্য মো. সেমাতুল্লা মাস্টার উপস্থিত ছিলেন।
 
আঞ্চলিক পাসপোর্ট অফিস খাগড়াছড়ি মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) সেবা দিয়ে দুই কোটি তেতাল্লিশ লাখ পঁচাশি হাজার পঞ্চাশ টাকা রাজস্ব আদায় করেছে। এক্ষেত্রে সাধারণ পাসপোর্ট আবেদন জমা হয়েছে ৭ হাজার ৪শ ৭৪টি, অফিসিয়াল পাসপোর্ট ৩২৯টি মোট ৭৮০৩টি।
 
সঠিক যাচাই বাছাই করে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) বিরতণ করা হয়েছে সাধারণ ৬৬৭১টি, অফিসিয়াল ৩০১টি, সর্বমোট ৬৯৭২টি পাসপোর্ট।  
 
খাগড়াছড়ি আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো. রুস্তম আলী জানান, ২০১৪ সালের ৭ জানুয়ারি খাগড়াছড়ি জেলায় কার্যক্রম শুরু হওয়ার পর হেল্পডেস্কের মাধ্যমে পাসপোর্টের জন্য আবেদন ফরম পূরণ ও জমা প্রদান, ছবিতোলা, ফিঙ্গারপ্রিন্ট সকল সেবাকার্যক্রম একসঙ্গে সেবা প্রদান করা হচ্ছে। সরকারি সফর, বিদেশ ভ্রমণ, চিকিৎসা ও ধর্মীয়কাজে জনসাধারণকে দ্রুত পাসপোর্ট সেবা প্রদান করা হচ্ছে।
 
ইত্তেফাক/মাহমুদুল