নবীনদের পাদচারণায় মুখরিত বেরোবি ক্যাম্পাস

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:১৯
 
বাংলাদেশের উচ্চশিক্ষার অন্যতম বিদ্যাপীঠ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)। প্রতিষ্ঠার নবম বছরে যোগ হলো শিক্ষার্থীদের আরও একটি নতুন ব্যাচ। গানের আড্ডা ও বন্ধুদের সঙ্গে পরিচয়ে সবাই যেন ব্যস্ত।
 
ভর্তিযুদ্ধে জয়ী হওয়া শিক্ষার্থীদের জন্য পথ দিন সত্যিই অনেক আনন্দের। চান্স পাওয়ার পর প্রত্যেক শিক্ষার্থীরা ক্যাম্পাস নিয়ে মনে মনে আঁকতে থাকে  নানা স্বপ্ন, নানা পরিকল্পনা।
 
প্রস্তুতি থাকে ক্যাম্পাসের প্রথম দিন কীভাবে কাটাবে এবং কী করবে। প্রবীণরাও প্রস্তুতি নিতে থাকে কীভাবে নবীনদের বরণ করে নেবে। প্রস্তুতি শেষে অরিয়েন্টেশনের দিনেই সেটি প্রকাশ পায়। সবাই ভেসে যায় আনন্দের জোয়ারে। নানা আয়োজন আর আনন্দঘন পরিবেশে বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ভর্তিকৃত স্নাতক প্রথম বর্ষের প্রথম সেমিস্টারের অরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয় রবিবার (২৬ফেব্রুয়ারি)।
 
প্রত্যেক বিভাগে পৃথক পৃথকভাবে বিভাগীয় প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় অরিয়েন্টেশন ক্লাস। অরিয়েন্টেশন ক্লাসে বিভাগ গুলোর শিক্ষক ও নবীন-প্রবীণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রবীণরা নবীনদের রজনীগন্ধা ও গোলাপ ফুল উপহার দেয়ার মাধ্যমে ক্যাম্পাসে স্বাগত জানান। এ সময় শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের পরিচিতিমূলক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এবং বিশ্ববিদ্যালয়ের সব নিয়ম-শৃঙ্খলা মেনে চলার জন্য নবীনদের প্রতি আহ্বান জানান।
এছাড়া প্রবীণরা নবীনদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দশনমূলক আলোচনা রাখেন।
 
উল্লেখ্য, আগামী ৬ মার্চ কেন্দ্রীয়ভাবে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রতিটি বিভাগের শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হবে বলে জানা গেছে।
 
ইত্তেফাক/জামান