ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ডিবি পুলিশের পরিচয়ে প্রতারণার দায়ে দুই যুবককে আটক করেছে পুলিশ। গত শনিবার রাতে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- ভুয়া ডিবি পুলিশ কর্মকর্তা মিয়া মো. মিঠু (৩৫) ও মো. শরীফুজ্জামান (৩২)। মিঠু কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর গামের মৃত শাহজাহান মিয়ার ছেলে ও শরীফুজ্জামান ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মেহারী ইউনিয়নের চৌবেপুর গ্রামের আবদুল আউয়ালের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ডিবি পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে মিঠু কসবা উপজেলার চৌবেপুর গ্রামের হেলাল মিয়া, হিরণ মিয়া ও হান্নান ভূইয়ার বিরুদ্ধে মামলা আছে বলে তাদের কাছে মামলা থেকে নাম কাটার জন্য তিন লাখ টাকা দাবি করেন। শনিবার বিকেলে মিঠু টাকা নিয়ে হেলালকে মেহারী ইউনিয়নের চৌমুহনী এলাকায় আসতে বলেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে হেলালসহ অন্যরা মিঠুকে আটক করে। পরে মিঠুর কথামতো ঘটনার মূল পরিকল্পনাকারী চৌবেপুর গ্রামের বাসিন্দা আবদুল আউয়ালের ছেলে শরীফুজ্জামানকেও আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহিউদ্দিন জানান, এ ঘটনায় হেলাল মিয়া বাদী হয়ে আটকদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেছেন।
ইত্তেফাক/মাহমুদুল
