নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় পুলিশের উপর হামলার ঘটনায় স্থানীয় বিএনপি ও ছাত্রদলের পাঁচ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। এতে আটক হয়েছেন অর্ধশত।
ওই মামলায় ২৩৯ জনের নামোল্লেখ ছাড়াও অজ্ঞাতনামা আরো দু'শ জনকে আসামি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গত শনিবার রাতে কেন্দুয়া থানার এসআই গোপাল কৃষ্ণ দাস বাদী হয়ে এ মামলা করেন। এই মামলায় উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম হিলালী ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দুলালও রয়েছেন। এ ঘটনায় রবিবার পর্যন্ত অনন্ত অর্ধশত ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটক হওয়া ব্যক্তিদের মধ্যে জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ফরিদ হোসেন ছাড়াও বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা রয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার সকালে পৌর শহরের আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাঙ্গণে কর্মীসভার আয়োজন করে ছাত্রদলের নেতাকর্মীরা। খবর পেয়ে কেন্দুয়া থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে সভা বন্ধের নির্দেশ দেয়। কিন্তু ছাত্রদলের নেতাকর্মীরা পুলিশের নির্দেশ মানেননি। এরই প্রেক্ষিতে পুলিশ সমাবেশে বাধা দিলে ছাত্রদলের নেতাকর্মীরা পুলিশের উপর হামলা চালায়। এতে কেন্দুয়া থানা পুলিশের পাঁচজন এসআইসহ ১৩ পুলিশ সদস্য আহত হন। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে কেন্দুয়া থানার ওসি (তদন্ত) স্বপন কুমার সরকার জানান, ঘটনাস্থলে এখনও অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
ইত্তেফাক/জামান
