নিরাপত্তা বেষ্টনী পার হয়ে প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার চেষ্টা করায় ফারহানা হায়দার মল্লিক (৩৫) নামে এক নারীকে আটক করেছে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)।
প্রধানমন্ত্রী একদিনের সফরে বগুড়ার সান্তাহারে অবস্থান করছিলেন। রবিবার বিকেল সাড়ে চারটার দিকে প্রধানমন্ত্রীর জনসভাস্থলে এ আটকের ঘটনা ঘটে।
আটককৃত ফারহানা জেলার দুপচাঁচিয়া উপজেলার সাহারপুকুর এলাকার হায়দার মল্লিকের স্ত্রী। তিনি স্বামীর সঙ্গে ঢাকায় বসবাস করেন বলে জানিয়েছেন।
আদমদিঘী থানার ওসি শওকত কবীর জানান, প্রধানমন্ত্রীর নিরাপত্তায় নিয়োজিত এসএসএফ সদস্যরা রবিবার বিকেলে ফারহানাকে পুলিশের কাছে হস্তান্তর করেছে।
ওসি আরও জানান, 'ফারহানা নিরাপত্তা বেষ্টনী পার হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে চলে আসেন। এসময় নিরাপত্তাকর্মীরা তাকে আটক করে। তিনি কেন প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার চেষ্টা করেছিলেন, তা বের করতে জিজ্ঞাসাবাদ চলছে।'
ইত্তেফাক/জামান
