খুলনায় আওয়ামী লীগ নেতার ভাইকে গলা কেটে হত্যা

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৭, ১২:০২
খুলনায় আওয়ামী লীগ নেতার ভাইকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত মহিদুল ইসলাম বন্দ (৪৫) নগরীর দেয়ানা এলাকার মৃত মোক্তার হোসেন বন্দের ছেলে ও দৌলতপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বন্দের ছোট ভাই।
 
সোমবার সকাল সাড়ে আটটার দিকে নগরীর আড়ংঘাটা থানার বিল পাবলা এলাকার একটি মাছের ঘেরের পাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়।
 
এলাকাবাসী জানায়, রবিবার সন্ধ্যা সাতটার দিকে মহিদুল ইসলাম বন্দ নগরীর আড়ংঘাটা থানা এলাকার বিল পাবলায় তার মাছের ঘেরে যায়। রাতে তিনি আর বাড়ি ফেরেনি। সোমবার সকাল সাড়ে আটটার দিকে এলাকাবাসীর খবরে মহিদুলের বাড়ির লোকজন তার ঘেরের পার্শ্ববর্তী একটি ঘেরের পাড় থেকে তার গলা কাটা লাশ উদ্ধার করে বাড়ি নিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধারে ওই বাড়িতে গেছে।
 
দৌলতপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই)  রুহুল আমিন জানান, নিহত মহিদুল বন্দের গলা, মুখ ও শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তবে কী কারণে বা কারা তাকে হত্যা করেছে তা প্রাথমিকভাবে জানা যায়নি।  তিনি বলেন, ‘আড়ংঘাটা থানা পুলিশকে খবর দেয়া হয়েছে। তারা লাশের আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।’
 
আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম খান বলেন, ‘জানতে পেরেছি বিল পাবলা থেকে একটি লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’
 
ইত্তেফাক/সালেহ্