বরিশাল নগরীর বটতলা এলাকায় শত্রুতার জের ধরে অগ্নিসংযোগে পুড়ে গেছে এক নৈশ প্রহরীর এক যুগের সঞ্চিত তিন লাখ টাকা। একই সঙ্গে পুড়েছে দুইটি বসত ঘর। এ ঘটনায় ফোরকান নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার রাতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বটতলা বাজারের নৈশ প্রহরী ও চা বিক্রেতা মাসুদ তার ১৩ বছরের রোজগারের অর্থ থেকে ছেলে-মেয়ের জন্য প্রায় তিন লাখ টাকা সঞ্চয় করে নিজের বাসায় রাখেন। রবিবার রাতে আট বছরের শিশু মেয়েকে বাসায় রেখে স্বামী ও স্ত্রী চায়ের দোকানে ব্যস্ত ছিলেন। এ সময় দোকানের পিছনের গলিতে থাকা তার বাসায় আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে তারা ছুটে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নেয়। ততক্ষণে মাসুদের বাসার ট্রাংকের ভিতরে থাকা নগদ প্রায় তিন লাখ টাকা পুড়ে ছাই হয়ে যায়। এ সময় বটতলা মসজিদ থেকে হাতেম আলী কলেজ চৌমাথা পর্যন্ত এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। প্রায় দুই ঘণ্টা বন্ধ ছিল ওই এলাকার বিদুৎ সরবারহ।
ক্ষতিগ্রস্ত মাসুদের অভিযোগ, ফোরকান নামের এক সবজি ব্যবসায়ীকে অগ্নি সংযোগের পর ওই গলি থেকে দৌঁড়ে যেতে দেখেছেন।
মাসুদ বলেন, ‘ধারের পাঁচ হাজার টাকা আদায়ের জন্য ফোরকানের সঙ্গে কয়েক দিন আগে মারামারি হয়। তার জের ধরেই ফোরকান এ কাণ্ড ঘটিয়েছে।’
কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আওলাদ হোসেন মামুন তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ফোরকানকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/সালেহ্
