বাসচালক জামির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়ার প্রতিবাদে ২য় দিনের মত ঝিনাইদহসহ খুলনা বিভাগে ১০ জেলায় অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে। সোমবার সকালে জেলা শহর থেকে দুরপাল্লার ও অভ্যন্তরীণ রুটে কোন বাস ছেড়ে যায়নি। এমনকি ব্যাটারি চালিত ইজিবাইক ও অটোভ্যান চলাচল বন্ধ করে দিয়েছে শ্রমিকরা।
এদিকে শ্রমিকরা স্কুল কলেজগামী ছাত্রদের বাইসাইকেল চলাচলেও বাধা সৃষ্টি করছে। যানবাহন চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। কোন ধরনের যানবাহন না পেয়ে যাত্রীদের বিভিন্ন গন্তব্যে হেঁটে যেতে দেখা যায়। এদিকে শহরের বাসটার্মিনাল, আরাপপুর, বাইপাস, চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড, কালীগঞ্জ, কোট চাঁদপুরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে ধর্মঘটের সমর্থনে বিক্ষোভ প্রদর্শন করছে শ্রমিকরা।
২০১১ সালের ১৩ আগস্ট মানিকগঞ্জে চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহনের একটি বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে চলচ্চিত্রকার তারেক মাসুদ, সাংবাদিক মিশুক মুনীরসহ ৫ জন নিহত হন। এই ঘটনায় দায়ের করা মামলায় সম্প্রতি বাস চালককে যাবজ্জীবন কারাদণ্ড দেন মানিকগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। এরই প্রতিবাদে শনিবার খুলনা বিভাগীয় আঞ্চলিক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের জরুরি সভা থেকে ১০ জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেয়া হয়।
ইত্তেফাক/মাহমুদুল
