পাবনা সদর ও ঈশ্বরদী উপজেলায় সোমবার পৃথক ঘটনায় দুইজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এদের মধ্যে একজনের নাম পরিচয় জানা যায়নি।
পাবনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, উপজেলার রাখালগাছি বিলপাড়া এলাকায় সোমবার দুপুরে একজন অটোভ্যান চালকের লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ দুপুর ২টার দিকে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
পরিবারের বরাদ দিয়ে ওসি জানান, নিহত অটোভ্যান চালক মানিক হোসেন (২০) হেমায়েতপুর ইউনিয়নের চর বাঙ্গাবাড়িয়া গ্রামের গফুর মোল্লার ছেলে। মানিক রবিবার সন্ধ্যায় অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়। তার গলায় আঘাতের চিহ্ন দেখে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে মানিককে শ্বাসরোধে হত্যার পর অটোভ্যান নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
অপরদিকে সোমবার সকাল আটটার দিকে ঈশ্বরদী উপজেলার পাকশী থেকে অজ্ঞাতনামা এক যুবকের (৩৫) গুলিবিদ্ধ ও হাত-মুখ বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই জানান, উপজেলার পাকশী পেপার মিল এলাকার ফুরফুরা শরীফ সড়কের পাশে এক যুবকের হাত-পা বাঁধা লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে সকাল আটটার দিকে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের বুকে দু’টি গুলির চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ দু’টি পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/মাহমুদুল
