লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় পিকাপ-ভ্যানের ধাক্কায় রুনা আক্তার (২২) নামে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। নিহত রুনা আক্তার (২২) উপজেলার চরমোহনা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাহেদ আলীর মেয়ে।
সোমবার রাত ১০ টার দিকে উপজেলাধীন রায়পুর-লক্ষ্মীপুর সড়কের পাশে রাখালীয়া বাজারে অবস্থিত ‘বেঙ্গল সু ইন্ডাস্ট্রিজ’ নামের কারখানায় কাজ শেষে একটি পিকাপ-ভ্যানে করে বাড়ির ফিরছিলেন রুনা। ওই সড়কের বংশী স্টিল ব্রিজ নামক স্থানে পৌঁছালে পিকাপ-ভ্যান থেকে বাড়ির কাছাকাছি নামতে চায় রুনা। এ সময় চালকের সঙ্গে রুনার বাক্বিতণ্ডা হয়। এক পর্যায়ে চালক পিকাপটি থামিয়ে সিট থেকে উঠে রুনাকে ধাক্কা দিয়ে ভ্যান থেকে নামিয়ে দেয়। এতে রুনা গুরুতর আহত হয়। পথচারীরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন বলেন,‘নিহতের লাশ হাসপাতাল থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।’
ইত্তেফাক/সালেহ্
