খুলনা-বেনাপোল রুটে ১ মার্চ থেকে দিনে দুইবার যাত্রীবাহী কমিউনিটি ট্রেন চলাচল করবে। এ রুটে দীর্ঘদিন ধরে দিনে মাত্র একবার যাত্রীবাহী ট্রেন চলাচল করতো। কার্যত যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে রেল কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানালেন বেনাপোল রেল স্টেশন মাস্টার আজিজুর রহমান।
এরই মধ্যে পুরানো সময় সূচিও পরিবর্তন করা হয়েছে। নতুন সময়সূচিতে ১লা মার্চ থেকে প্রতিদিন সকাল ছয়টায় খুলনা থেকে কমিউনিটি ট্রেন যাত্রী নিয়ে বেনাপোলের উদ্দেশে রওনা হয়ে যশোর পৌঁছাবে সকাল সাড়ে সাতটায়। আর বেনাপোল পৌঁছাবে সকাল সাড়ে আটটায়।
ট্রেনটি আবার বেনাপোল থেকে সকাল নয়টায় যাত্রী নিয়ে রওনা হয়ে যশোর পৌঁছাবে সকাল ১০টায়। আর খুলনায় পৌঁছাবে সকাল ১১ টা ৪০ মিনিটে।
একইভাবে ট্রেনটি আবার দুপুর ১২টা ১০ মিনিটে খুলনা থেকে রওনা হয়ে যশোর পৌঁছাবে দুপুর দেড়টায়। আর বেনাপোল পৌঁছাবে দুপুর আড়াই টায়।
পরে ট্রেনটি আবার বেনাপোল থেকে যাত্রী নিয়ে বিকেল সাড়ে তিনটায় রওনা হয়ে যশোর পৌঁছাবে বিকেল সাড়ে চারটায়। আর খুলনায় পৌঁছাবে সন্ধ্যা ছয়টা ১০ মিনিটে।
উল্লেখ্য, নিরাপদ ভ্রমণে রেলের যাত্রী সংখ্যা বৃদ্ধি পেয়েছে এ রুটে। প্রস্তুতি চলছে খুলনা-কলকাতা মৈত্রী রেল চালুরও।
ইত্তেফাক/সালেহ্
