নওগাঁর মান্দায় ট্রাকের চাপায় মোটর বাইক আরোহী হাসান আলী (৪৫) নামে এক মাদরাসা সুপারিন্টেনডেন্ট নিহত হয়েছেন।
হাসান আলী উপজেলার জামদই গ্রামের মৃত অছির উদ্দিনের ছেলে ও স্থানীয় তুড়ুকগ্রাম দাখিল মাদরাসার সুপারিন্টেনডেন্ট। মঙ্গলবার দুপুরে নওগাঁ-রাজশাহী মহাসড়কের মান্দা উপজেলার বিজয়পুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার দিন মান্দা উপজেলা সদরের রেবা আখতার আলিম মাদরাসা কেন্দ্রে দাখিল পরীক্ষা শেষে দুপুর ১টার দিকে মোটরসাইকেল যোগে নিজ বাড়ি ফিরে আসার সময় একটি পিকআপ তাকে ধাক্কা দিলে তিনি সড়কের উপর পড়ে যান। এসময় আরেকটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। হাসান আলীকে উদ্ধার করে রাজশাহী মেডিকাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিছুর রহমান জানান, ঘটনাস্থল থেকে মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
ইত্তেফাক/জামান
