রাজশাহীর গোদাগাড়ীতে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে গোয়েন্দা পুলিশের দুই সদস্য আহত হয়েছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৮ টার দিকে গোদাগাড়ী পৌর এলাকার বুজরুক রাজারামপুর পাড়ায় সন্ত্রাস ও জঙ্গি বিরোধী অভিযানে যায় বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। এ সময় সন্ত্রাসীরা গোয়েন্দা পুলিশ কনস্টেবল আব্দুস সালামকে (৫৫) ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। তাকে রক্ষা করতে গেলে সন্ত্রাসীরা ইসমাইল হোসেন (৩৩) নামের আরেক কনস্টেবলকে আঘাত করে। খবর পেয়ে গোদাগাড়ী থানা পুলিশ দুই কনস্টেবলকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। কনস্টেবল সালামের অবস্থা বেশি খারাপ বলে চিকিৎসকেরা জানিয়েছেন।
এ প্রসঙ্গে গোদাগাড়ী মডেল থানার ওসি হিপজুর আলম মুন্সি বলেন, 'সন্ত্রাসিদের আটক করতে পুলিশ সাঁড়াশি অভিযান শুরু করেছে।'
ইত্তেফাক/জামান
