যশোরে অজ্ঞাত ব্যক্তিকে কুপিয়ে হত্যা

আপডেট : ০১ মার্চ ২০১৭, ০৮:৫৯
 
যশোরে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে অজ্ঞাত এক ব্যক্তি (৪০) খুন হয়েছেন। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে সদর উপজেলার ঘুরুলিয়া উত্তরপাড়া ব্রিজের কাছে এই হত্যাকাণ্ড ঘটে। পুলিশ নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। 
 
যশোর কোতয়ালি থানার এস আই হুমায়ূন জানান, নিহত ব্যক্তির নাম-পরিচয় পাওয়া যায়নি। তিনি মোটরসাইকেল যোগে যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছলে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথার পেছনের দিকে একাধিক কোপ দেয়। এতে তার মাথা ও মুখমণ্ডল ক্ষত-বিক্ষত হয়ে যায়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনাস্থল থেকে নিহতের মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
  
যশোর কোতয়ালি থানার ওসি ইলিয়াস হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিচয় সনাক্তের পাশাপাশি কারা এবং কেন এ হত্যাকাণ্ড ঘটাল তা উদঘাটনে পুলিশ তৎপরতা শুরু করেছে। 
 
ইত্তেফাক/কাউছার