বেরোবিতে দুর্বৃত্তদের হামলায় আট নির্মাণ শ্রমিক আহত

আপডেট : ০১ মার্চ ২০১৭, ১১:১০
রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ওয়াজেদ রিসার্চ এন্ড ট্রেনিং ইনস্টিটিউটের আট শ্রমিককে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।
 
মঙ্গলবার রাত নয়টার দিকে এ হামলার ঘটনা ঘটে। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
 
শ্রমিকরা জানায়, রাত নয়টার দিকে মুখোশধারী ৪০-৫০ জন যুবক নির্মাণাধীন স্থাপনার ভিতরে আকস্মিক হামলা চালায়। তারা রড দিয়ে শ্রমিকদের কোপাতে থাকে। এ সময় শ্রমিকরা চিৎকার করলে তারা দ্রুত পালিয়ে যায়।
 
হামলার বিষয়টি স্বীকার করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মীর তামন্না ছিদ্দিকা বলেন, ‘হামলাকারীরা মুখোশধারী হওয়ায় ও দ্রুত ঘটনাস্থল ত্যাগ করায় তাদেরকে চিহ্নিত করা সম্ভব হয়নি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে।’
 
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. একে এম নূর-উন-নবী বলেন, ‘হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।’
 
ইত্তেফাক/সালেহ