টেস্ট জিততে গেলে প্রথম ইনিংসে পাঁচশো রান তুলতে হবে: আজহার

আপডেট : ০১ মার্চ ২০১৭, ১৪:৩৯
টেস্ট জিততে গেলে প্রথম ইনিংসে পাঁচশো রান তুলতে হবে বলে মন্তব্য করেছেন ভারতের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন।
 
বৃহস্পতিবার ভারতের আনন্দবাজার পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, স্বভাবসিদ্ধ ভারতীয় পিচ চাইতাম। প্রথম তিন দিন যেখানে দারুণ ব্যাটিং চলবে। তার পর বল ঘুরবে। কেউ যদি এখন পরামর্শ দেয় পুরোপুরি পিচের প্রকৃতি পাল্টে ব্যাটিং উইকেটে খেলো, তা হলে ভুল হবে। বল ঘোরা দরকার। বিদেশি দলকে হারানোর ওটাই সেরা উপায়।
 
বেঙ্গালুরু টেস্টের জন্য কোহালিদের পরামর্শ দিয়ে তিনি বলেন, দলে পরিবর্তন করার দরকার হলে দু’টো বদল করা যেতে পারে। একটা ইশান্ত শর্মা। অন্যটা ওই ছেলেটা, জয়ন্ত যাদব...ইয়েস। কাকে খেলাবে না খেলাবে সেটা ওরাই ঠিক করবে।আমি অধিনায়ক থাকলে ব্যাঙ্গালুরু টেস্টে অতিরিক্ত ব্যাটসম্যান খেলাতাম। তিন স্পিনার খেলালে এক জন পেসার কমিয়ে খেলাও। পার্টটাইম কাউকে নতুন বলে বলটা করতে হবে। আমাদের সময় যেমন সৌরভ করে দিত। তবে আমি তিন স্পিনার খেলাব কি না ভাবতাম।
 
সাবেক এই ক্যাপ্টেন বলেন, আমাদের সময়ে দু’জন অলরাউন্ডার ছিল। কপিল দেব আর মনোজ প্রভাকর। দু’জনই দারুণ অলরাউন্ডার ছিল। তাই অতিরিক্ত ব্যাটসম্যান খেলাতে হতো না। তিন স্পিনারে খেলতে পারতাম ওদের জন্যই। এই দলের সেই সুবিধে নেই।
 
টিম ইন্ডিয়াকে নিজেদের উপর বিশ্বাস রাখার পরামর্শ দিয়ে তিনি আরো বলেন,  একটা হারেই এত দিন ধরে তৈরি হওয়া আত্মবিশ্বাস ভেঙে যাওয়ার প্রশ্নই নেই।তাই বাইরের জগতের সঙ্গে যোগাযোগ রাখার দরকার নেই। যে যা বলছে, বলতে দাও। আমরা নিজেরা তো জানি, টানা উনিশটা টেস্টে এমনি-এমনি অপরাজিত থাকিনি। সেই বিশ্বাস রেখে পরের টেস্টে ঝাঁপিয়ে পড়ি চলো।
 
অসিদের প্রশংসা করে সাবেক এই স্টাইলিশ ব্যাটসম্যান বলেন, ভারত প্রতিপক্ষকে হাল্কা ভাবে নিয়েছিল। ক্রিকেট এই কারণেই মজার খেলা। নাথন লায়ন আর স্টিভ ও’কিফ  দারুণ লাইনে বল করেছে। যেটা আমাদের স্পিনাররা পারেনি। রবীন্দ্র জাডেজা ঘূর্ণি উইকেট পেলে ভাল বল করে। কিন্তু ভুল লাইনে বল করল পুণেতে। ও’কিফ উইকেটের সোজা-সোজা বলে করেছে। অস্ট্রেলীয় বোলারদের দেখে মনে হয়েছে ওরা অনেক বেশি হোমওয়ার্ক করে এসেছে। ভারতকে এ বার দ্রুত ওদের ধরতে হবে। আর হ্যাঁ  শ্রীধরন শ্রীরাম  অস্ট্রেলীয় স্পিনারদের খুব ভাল উপদেশ দিয়েছে। না হলে এতটা মাপা লেংথে বল করতে পারত না ওরা।
 
ইত্তেফাক/রেজা