ব্রাহ্মণবাড়িয়ায় ৯ দোকান পুড়ে ছাই

আপডেট : ২৩ নভেম্বর ২০১৮, ২১:৪০

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বৃহস্পতিবার গভীর রাতে ব্রাহ্মণবাড়িয়া শহরের আনন্দবাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডে ৯টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, রাত দেড়টার দিকে প্রথমে একটি দোকানে আগুন লাগে। পরে মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পার্শ্ববর্তী দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে নয়টি দোকান পুড়ে যায়। খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা সাকেরিন হায়দার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত। তবে এখনো সঠিকভাবে বলা যাচ্ছে না। তদন্ত সাপেক্ষে আগুন লাগার সঠিক কারণ জানা যাবে।