ফরিদপুরে নববধূ হত্যার প্রতিবাদে মানববন্ধন

আপডেট : ০১ মার্চ ২০১৭, ১৫:৫৮
 
ফরিদপুরের সাজিয়া আফরিন রোদেলা (১৮) নামে এক নববধূকে হত্যার প্রতিবাদে বিভিন্ন সংগঠন মানববন্ধন কর্মসূচি পালন করেছে। এই কর্মসূচিতে বক্তারা অবিলম্বে হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি তোলেন।
 
বুধবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্তু স্থানীয় প্রেসক্লাবের সামনের মুজিব সড়কে পালিত এই কর্মসূচীতে শহরের বিভিন্ন এলাকার ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।
 
উল্লেখ্য, সোমবার দিবাগত রাতে ওই নববধূর মরদেহ শহরের নতুন বাজার এলাকায় স্বামীর বাড়ি থেকে উদ্ধার করে পুলিশ। এরপর থেকেই রোদেলাকে হত্যা করা হয়েছে বলে দাবী করছে তার পরিবার অন্যদিকে শুরু থেকে রোদেলা আত্মহত্যা করেছে বলে দাবী শ্বশুর বাড়ি থেকে।
 
মানববন্ধনে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা পরিষদের সদস্য ঝর্ণা হাসান, নারী নেত্রী আসমা আক্তার মুক্তা, ব্লাষ্টের নির্বাহী পরিচালক শিপ্রা গোস্বামী, আওয়ামীলীগ নেতা নাছির খান দুলাল, মহিলা পরিষদ নেত্রী হিরুন নাহার বেগম, বিএনপি নেতা আজম খান, বিলকিস ইসলাম প্রমুখ।
 
বক্তারা বলেন, অবিলম্বে এই নববধুর হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্ত মূলক শাস্তির আওতায় আনতে হবে। তারা বলেন, এই হত্যা বিচার না হলে দিন দিন এ ধরনের হত্যা কাণ্ড বেড়েই যাবে। এটা রোধ করতে হলে প্রকৃত অপরাধীকে আইনের আওতায় আনা জরুরী।
 
প্রসঙ্গত, সোমবার রাতে শহরের গোয়ালচামট নতুন বাজর এলাকায় যৌতুকের দাবিতে এক নববধুকে হত্যা করা হয় বলে অভিযোগ তুলে নিহতের পরিবার। সাজিয়া আফরিন রোদেলা শহরের আলিপুর খাপাড়া মহল্লার শওকত হোসেন খানের মেয়ে এবং ফরিদপুরের সরকারী সারদা সুন্দরী মহিলা কলেজের অনার্স শ্রেণির ইংরেজি বিভাগের ১ম বর্ষের ছাত্রী ছিল।
 
ইত্তেফাক/আনিসুর