‘ভাঙ্গুড়ায় হত্যার পর লাশ ঝুলিয়ে রাখা হয় গাছে’

আপডেট : ০১ মার্চ ২০১৭, ১৭:৩৮
পাবনার ভাঙ্গুড়া উপজেলায় মব্বেল হোসেন প্রামানিক (৫০) নামে এক ব্যক্তিকে শ্বাসরোধ করে হত্যার পর গাছের ডালের সঙ্গে ঝুলিয়ে রাখা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটে বুধবার ভোররাতে উপজেলার মন্ডুতোষ ইউনিয়নের সুজাপাড়া গ্রামে। মৃত মব্বেল হোসেনের বাড়ি ভাঙ্গুড়া পৌরসভার পাথরঘাটা-জগাতলা গ্রামে। 
 
মব্বেলের স্ত্রী রাজিয়া খাতুন জানান, তার পুত্র মানিক হোসেন কিছুদিন আগে পুত্রবধূ ময়নাকে তালাক দেয়। এ বিষয়ে মানিকের স্ত্রী ময়না খাতুন পাবনার জজ আদালতে একটি মামলা করেন। পরে ১ লাখ ২০ হাজার টাকা প্রদানের শর্তে উভয় পক্ষের মধ্যে মীমাংশা হয়। গত মঙ্গলবার রাতে মব্বেল হোসেন পুত্রবধূর আত্মীয় ফজলুকে সঙ্গে নিয়ে টাকাগুলো দিতে পুত্রবধূর নানা মফিজ উদ্দিনের বাড়ি সুজাপাড়া গ্রামে যান। কিস্তু রাতে তিনি আর ঘরে ফেরেননি। বৃহস্পতিবার ভোরে মফিজ উদ্দিনের বাড়ির পাশের একটি আম গাছের ডালের সঙ্গে গলায় মাফলার পেঁচানো অবস্থায় স্থানীয় ব্যক্তিরা মব্বেল হোসেনের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশে খবর দেয়। 
 
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় অভিযোগ পাওয়ার পর লাশ ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠানো হয়েছে এবং মফিজ উদ্দিনকে আটক করা হয়েছে।
 
ইত্তেফাক/মাহমুদুল