প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বুধবার খুলনার ২২৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্রের উদ্বোধন করেছেন। এর মধ্যদিয়ে নগরীর খালিশপুরের ১৫০ মেগাওয়াট গ্যাস টারবাইন বিদ্যুৎকেন্দ্রটি ২২৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেলে উন্নীত হলো। ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী দেশের বিদ্যুৎ বিভাগের সার্বিক উন্নয়ন-অগ্রগতিও তুলে ধরেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও কনফারেন্সের সময় খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মোস্তফা রশিদী সুজা এমপি, পঞ্চানন বিশ্বাস এমপি, খুলনা বিভাগীয় কমিশনার আবদুস সামাদ, নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ এম খোরশেদুল আলম, বিদ্যুৎ বিভাগের যুগ্ম-সচিব এ টি এম হুমায়ুন কবির, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. ফারুক হোসেন, খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি, জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, খুলনা জেলা প্রশাসক নাজমুল আহসান, অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার মাহবুব হাকিম, ওজোপাডিকো’র ব্যবস্থাপনা পরিচালক শফিক উদ্দিন, খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম হাবিব প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০১৩ সালের ১৭ ডিসেম্বর এ প্রকল্পের ইপিসি চুক্তি স্বাক্ষর হয় এবং ২০১৪ সালের এপ্রিলে কাজ শুরু হয়। ৫০৩ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড এ প্রকল্প বাস্তবায়ন করে। প্রকল্পে অর্থায়ন করে এডিবি, বাংলাদেশ সরকার এবং নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড। ২০১৬ সালের ২৫ জুন কেন্দ্রটি বাণিজ্যিক উৎপাদন শুরু করে। এর ঠিকাদারী প্রতিষ্ঠান হচ্ছে- চায়নার সাংহাই ইলেক্ট্রিক গ্রুপ কোম্পানি লিমিটেড এবং বৈদেশিক পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে কাজ করে মালয়েশিয়ার মিনকনসাল্ট এসডিএন বিএইচডি।
ইত্তেফাক/মাহমুদুল
