তুমব্রু অরণ্যে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রেস ব্রিফিং

টেকনাফের আনসার কমান্ডার হত্যাকারীসহ লুণ্ঠিত অস্ত্র উদ্ধার

আপডেট : ০১ মার্চ ২০১৭, ১৮:৫১
টেকনাফের নয়াপাড়া আনসার ক্যাম্পের কমান্ডার হত্যা ও অস্ত্র, গোলাবারুদ লুটের মূলহোতা দুর্ধর্ষ রোহিঙ্গা ডাকাত নুরুল আলমকে র‌্যাব-৭ এর একটি দল গত মঙ্গলবার রাতে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা বস্তি এলাকা থেকে আটক করেছে। তার স্বীকারোক্তি অনুযায়ী র‌্যাব সদস্যরা নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের তুমব্রু পশ্চিমকূল গহীন অরণ্যে বুধবার ভোর রাত পর্যন্ত তল্লাশি অভিযান চালিয়ে আনসারের লুণ্ঠিত ৬টি অস্ত্র উদ্ধার করে। এরমধ্যে ৭.৬২ রাইফেলস ৪টি, বিডি ৮ রাইফেলস ১টি ও ১টি সাব মেশিনগান। 
 
বুধবার দুপুর আড়াইটায় ঘটনাস্থল তুমব্রু পশ্চিমকূল গহীন অরণ্যে সাংবাদিকদের প্রেস ব্রিফিংকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, কক্সবাজারের টেকনাফ রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে যে আনসার ক্যাম্পটি রয়েছে সে ক্যাম্পের দায়িত্বরত আনসার কমান্ডার পিসি আলী হোসেনকে হত্যা করে সেখানে যে অস্ত্র ছিল সে অস্ত্রগুলি লুট করে নিয়ে যাওয়া হয়েছিল। যারা এসব অস্ত্র-গুলি লুট করে নিয়ে গিয়েছিল তাদেরসহ মোট ১১টি অস্ত্র আমাদের র‌্যাব বাহিনী দীর্ঘ কয়েক মাস প্রচেষ্টার পর দু’ধাপে উদ্ধার করতে সক্ষম হয়। এঘটনার মূল পরিকল্পনাকারী রোহিঙ্গা সন্ত্রাসী নুরুল আলমকে র‌্যাব সদস্যরা অস্ত্রসহ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। IMG0
 
রোহিঙ্গা বিষয়ে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, রোহিঙ্গারাও মানুষ, তারা এখানে থাকবে, মিয়ানমারের পরিবেশ অনুকূলে আসলে তারা চলে যাবে। ঠেঙ্গারচরে স্থানান্তর প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, আমাদের প্রধানমন্ত্রী ভাল মানুষ, তাই তিনি নির্যাতিত রোহিঙ্গাদের একটি পরিবেশ সম্মত জায়গায় নিয়ে যেতে চায়। সেখানে তারা ভাল ভাবে বসবাস করতে পারবে। আমাদের প্রধানমন্ত্রী চেষ্টা করছে রোহিঙ্গাদের যাতে দ্রুত প্রত্যাবাসন করা সম্ভব হয়।
 
ইত্তেফাক/মাহমুদুল