বগুড়ার ধুনট উপজেলায় লাল নিশান উড়িয়ে জমি দখল করতে গিয়ে সংঘর্ষে দুই পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাতটার দিকে উপজেলার চিকাশি ইউনিয়নের জোড়শিমুল বাজারে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি রাম দা জব্দ করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার জোড়শিমুল বাজারের তিন শতক জমি জোড়শিমুল গ্রামের জহুরুল ইসলাম ক্রয় সূত্রে ভোগ দখল করে আসছে। এ অবস্থায় একই গ্রামের মোস্তাক আহম্মেদ জমিটি তার নানির বলে দাবি করে বৃহস্পতিবার সকাল সাতটার দিকে সেখানে লাল নিশান উড়িয়ে দখল নেয়ার চেষ্টা চালান। এ সময় জহুরুল ইসলাম বাধা দেয়ায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে ১০ জন আহত হন। আহদের মধ্যে জহুরুল ইসলাম আশংকাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বাকিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
চিকিৎসাধীন জহুরুল ইসলাম বলেন, ‘আমার ক্রয়কৃত জমি মোস্তাক তার নানির বলে দাবি করে লাল নিশান উড়িয়ে দখলের চেষ্টা করে। এ সময় বাধা দিলে আমাদের কুপিয়ে আহত করেছে।’
চিকিৎসাধীন মোন্তাক আহম্মেদ বলেন, ‘জহুরুল ভুয়া কাজগপত্র তৈরি করেআমার নানির জমি দখল নিয়েছে। নানির কেউ না থাকায় আমি ওই জমিতে লাল নিশান উড়িয়ে দখল নিতে গেলে সংঘর্ষের ঘটনা ঘটে। ’
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন,‘অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’
ইত্তেফাক/সালেহ্
